বিয়ের পিঁড়িতে বসা হলো না আকলিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকলিমার বিয়ে। এ উপলক্ষে তাঁর দুটি হাত মেহেদিতে রাঙানো হয়। এরপর গায়েহলুদ। পরদিনই বিয়ে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না তাঁর।আকলিমা গত মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। আকলিমার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা গ্রামে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অসতর্কতার কারণে আকলিমাকে জীবন দিতে হলো। গতকাল সরেজমিনে দেখা গেছে, আকলিমাদের বাড়ির পেছনের বাঁশঝাড়ের ওপর দিয়ে ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুতের তার টানানো। ওই তার তাঁদের কাঁচা শৌচাগারের লাগোয়া একটি বাঁশের সঙ্গে তখনো জড়ানো ছিল। আকলিমার পরিবারের লোকজন জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আকলিমা ওই শৌচাগারে গিয়েই বিদ্যুৎস্পষ্ট হন। আকলিমার বাবা মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আকলিমা (১৮) স্থানীয় মাইজবাগ মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। উপজেলা সদরের কাঁকনহাটি গ্রামের মো. সোহেল মিয়ার (২৫) সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছিল। গতকাল ছিল আকলিমার গায়েহলুদ। আজ বৃহস্পতিবার বিয়ে। কিন্তু বিদ্যুতের তার আমার বুক খালি করে দিল।’সোহেল মিয়া বলেন, আকলিমাকে নিয়ে সুখের ঘর বাঁধার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন এক নিমিষে ধুলায় মিশে গেল। ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকজন গ্রামবাসী বলেন, পল্লী বিদ্যুতের অরক্ষিত তারটি বাঁশের সঙ্গে জড়িয়ে ছিল। কিন্তু ওই বাঁশটি কাটার ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এই মৃত্যুর দায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নিতে হবে। নিশ্চিত করতে হবে তাদের খামখেয়ালিপনায় যেন আর কোনো আকলিমাকে এভাবে জীবন দিতে না হয়।ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, অফিসের কর্মচারী নিয়ে বিদ্যুতের তারের নিচে গাছের ডালপালা কাটতে গেলে ওই এলাকার লোকজন বাধা দেয়।এ দাবি প্রত্যাখ্যান করে আকলিমার পরিবারের লোকজন ও গ্রামবাসী বলেন, গাছের ডালপালা কাটতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কোনো কর্মচারী তাঁদের গ্রামে যাননি। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আকলিমার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।