বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌরভের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল সৌরভ হোসেনের (২৫)। কিন্তু এর আগেই সৌরভের প্রাণ কেড়ে নিল ঘাতক পিকআপভ্যান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরিপুর এলাকায় সোনাপুর-কবিরহাট সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে।সৌরভ একই ইউনিয়নের নজরপুর গ্রামের নজির আহমদের ছেলে। পেশায় তিনি মৎস্য বিভাগের একজন কর্মচারী ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক পিকআপভ্যানটি আটক ও ভাঙচুর করেন। এ সময় চালক পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী চালকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কটি অবরোধ করে রাখেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পরই সৌরভের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বিয়ে উপলক্ষে এরই মধ্যে বাড়িতে এসেছেন অনেক আত্মীয়। তাঁদের জন্য বাজার করতে মোটরসাইকেলে সোনাপুর যান সৌরভ। ফেরার পথে বদরিপুর স্টিলের ব্রিজ পার হতেই একটি পিকআপভ্যান সামনে এসে পড়ে। মোটরসাইকেলটি ব্রেক করার সঙ্গে সঙ্গে সড়কে ছিটকে পড়েন সৌরভ। এ সময় দ্রুতগামী ওই পিকআপভ্যানটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় গ্রামবাসী কবিরহাট-সোনাপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ বাসিন্দারা অবরোধ তুলে নেন। ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ক্ষুব্ধ লোকজন কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে। তিনি যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। সৌরভ হোসেনের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।