বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেছেন এক যুবক।ঘটনার পর থেকে রাজাপুরের আবদুল নবী গ্রামের ওই যুবক আরিফুর রহমান (২২) পলাতক। পুলিশ তাঁর দুই ভাই আবদুল্লাহ আল মনছুর ও শরীফকে গ্রেপ্তার করেছে।ওই কিশোরী গতকাল শনিবার অপহরণ ও ধর্ষণের অভিযোগে দাগনভূঞা থানায় মামলা করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, আরিফুর একই ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে কিছুদিন ধরে প্রেমের অভিনয় করছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে প্রথমে দাগনভূঞা উপজেলা সদর এবং পরে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে যান আরিফুর। সেখানে তাকে স্ত্রী পরিচয় দিয়ে রাখেন এবং ধর্ষণ করেন।তিন দিন পর গতকাল সকালে ওই কিশোরীকে আবার গ্রামে নিয়ে আসেন আরিফুর এবং বাড়ির পাশে পৌঁছে দিয়ে বিয়ের কাজ শেষ হয়েছে বলে চলে যান। ওই কিশোরী তাঁকে বারবার এই ‘সর্বনাশ’ না করার অনুরোধ করে। কিন্তু আরিফুর কিছুতেই বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে দ্রুত সেখান থেকে চলে যান। পরে ওই কিশোরী বাড়ি গিয়ে তাকে প্রতারণা করে চট্টগ্রামে নিয়ে ধর্ষণের কথা প্রকাশ করে।এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, আরিফুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে না পেয়ে তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।