বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে প্রতারণা
‘আমাকে ছেড়ে দেন। আমি এ দুনিয়ায় আর কাউকে মুখ দেখাতে চাই না।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামের সমাজপতিদের সামনে সালিস বৈঠকে এভাবেই কান্নাকাটি করে কথাগুলো বলছিল দরিদ্র পরিবারের কিশোরী (১৪)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামে।সালিস বৈঠকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও গ্রামের সমাজপতিদের সামনে কিশোরী মেয়েটি জানায়, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বৈদ্যেরকান্দি গ্রামের প্রভাবশালী গোফরান মিয়ার ছেলে মাইনুদ্দিন (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। পরে সে সাত মাসের অন্তঃসত্ত্বা হলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে গত সপ্তাহে গর্ভপাত ঘটানো হয়। কিশোরীর বাবা মাইনুদ্দিনের বাবা গোফরানের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়। পরে কিশোরীর বাবা এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামের সমাজপতিদের কাছে বিচার চান।সনমান্দি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন দুই পক্ষকে নোটিশ দিয়ে গতকাল শুক্রবার সালিস বৈঠকে বসেন। খবর পেয়ে অভিযুক্ত মাইনুদ্দিন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে গ্রামের সমাজপতি ও চেয়ারম্যানরা অভিযুক্ত মাইনুদ্দিনের নামে থানায় নিয়মিত মামলা করেন। এ ব্যাপারে সালিসে একমত হয়ে সোনারগাঁ থানার ওসির বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, মাইনুদ্দিনের বাবা তাঁর ছেলের বিচার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েও গতকাল এলাকা ছেড়ে পালিয়ে যান।