বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ! দুই শিক্ষক আটক
কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন। তাঁকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর ও আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক মনোয়ার হোসেন বিদ্যালয়সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে ছাত্রীদের কোচিং করাতেন। সপ্তম শ্রেণীর ওই ছাত্রী (১৩) সেখানে কোচিং করত। বেশ কিছুদিন থেকে ওই শিক্ষক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হওয়ার পর মেয়েটির পরিবার মনোয়ারকে বিয়ের জন্য চাপ দেয়। ওই দিন সন্ধ্যায় মনোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। অভিযোগ পেয়ে পুলিশ ওই দিন রাতে মনোয়ার হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে দুই শিক্ষককে আটক করে। গতকাল শুক্রবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষক মনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।