নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে নোমান ছিদ্দিক (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোমানের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার কলাহাড়ি গ্রামে। তিনি আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পশ্চিমপাড়া এলাকায় থাকেন। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন পোশাকশ্রমিক ওই তরুণী।
মামলায় ওই তরুণী উল্লেখ করেন, তিনি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের একটি এমব্রয়ডারি কারখানায় শ্রমিকের কাজ করেন। কর্মস্থলে আসা-যাওয়ার পথে নোমান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নোমানকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু নোমান বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ কারণে তিনি মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর।