বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ
এক নারীকে ধর্ষণের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি ক্লিনিক-মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার ওই নারী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি করেন।এজাহার সূত্রে জানা গেছে, এক মাস আগে ওই নারী পৌর শহরের মহিমা ক্লিনিকে সুপারভাইজারের চাকরি নেন। ৭ মার্চ রাত ১২টার দিকে একটি কক্ষে একা পেয়ে ক্লিনিকের মালিক মোস্তফা কামাল তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অজ্ঞান হয়ে পড়েন। ভোরে জ্ঞান ফিরলে মোস্তফা তাঁকে বিয়ের প্রলোভন দেখান। ওই প্রলোভন দেখিয়ে পরবর্তী সময় মোস্তফা ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর বিয়ের জন্য চাপ দিলে মোস্তফা তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ওই নারী আরও অভিযোগ করেন, মোস্তফা ক্লিনিকের অংশীদার করার কথা বলে তাঁর কাছ থেকে দুই লাখ টাকাও নিয়েছেন।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে একাধিকবার মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।মামলার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।