বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনপল্লিতে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গত মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানা হেফাজতে উদ্ধার করা এক কিশোরী (১৪) প্রথম আলোকে জানায়, তার বাড়ি রংপুর সদর উপজেলায়। দারিদ্র্যের কারণে ছয় মাস আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এক বছর আগে অসুস্থ ভাইকে নিয়ে ঢাকায় চিকিৎসা করাতে এলে মামুনুর রশিদ নামের বাসের এক সহকারীর সঙ্গে তার পরিচয় হয় ও মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত ২১ ফেব্রুয়ারি বিয়ে করার কথা বলে মামুন তাকে ঢাকার আবদুল্লাহপুর আসতে বলে। মামুনের কথামতো সে আবদুল্লাহপুর যায়। এরপর মামুন দৌলতদিয়া যৌনপল্লির মিতা নামের এক বাড়িওয়ালার কাছে তাকে রেখে চলে যায়। পরে সে জানতে পারে, মিতার কাছে ৪০ হাজার টাকায় মামুন তাকে বিক্রি করেছে। এরপর মিতা তাকে মারধর করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে।র‌্যাব সূত্রে জানা গেছে, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর ফরিদপুরের র‌্যাব-৮-এর একটি দল যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই কিশোরী ও বাড়িওয়ালি মিতাকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে। ওই কিশোরী বাদী হয়ে মিতা ও মামুনকে আসামি করে মামলা করেছে।অপরদিকে মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানার পুলিশ যৌনপল্লির রুপা নামের এক বাড়িওয়ালির বাড়ি থেকে আরেক কিশোরীকে (১৫) উদ্ধার করে। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলায়। তাকেও এক ব্যক্তি একইভাবে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনপল্লিতে বিক্রি করে বলে ওই কিশোরী পুলিশকে জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, উদ্ধার করা দুই কিশোরী ও বাড়িওয়ালি মিতাকে আদালতে পাঠানো হয়েছে। আসামি মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।