বিয়ের প্রলোভনে ডেকে কলেজছাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গত শুক্রবার রাতে কামরুন্নাহার নামের এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক তাঁর বাসায় ডেকে নিয়ে নির্যাতনের পর কামরুন্নাহারকে বিষপানে বাধ্য করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।নিহত কামরুন্নাহারের বাড়ি উপজেলার গহরপুর গ্রামে। তিনি পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল শনিবার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং পাথরঘাটা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে।কামরুন্নাহারের বড় ভাই নজরুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, কামরুন্নাহার শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সবার সঙ্গে খাবার খান। এর প্রায় দুই ঘণ্টা পর বোনকে বাসায় না পেয়ে তিনি মুঠোফোনে কল করেন। তখন কামরুন্নাহার বলেন, ‘জিয়াউল মোটরসাইকেল পাঠিয়ে আমাকে পৌর এলাকার বাসায় এনেছেন। একটু পরই বাড়ি ফিরব।’ কিন্তু রাত ১১টার দিকে মা হোসনেয়ারা কল করলে কামরুন্নাহার বলেন, ‘মা, ওরা আমাকে মেরে ফেলতেছে, তোমরা আমাকে বাঁচাও।’ নজরুল জানান, রাত সোয়া ১১টার দিকে পৌর কাউন্সিলর মোজাম্মেল হক, মামা সাইফুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আলমগীর খান কামরুন্নাহারকে জিয়াউলের বাসা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।পৌর কাউন্সিলর মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারের পর কামরুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা বলে আমাদের জানান।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষপানে কলেজছাত্রী কামরুন্নাহারের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত।স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে কামরুন্নাহারকে ওই বাসায় ডেকে নেন জিয়াউল। ওই বাসায় তখন জিয়াউলের কয়েকজন বন্ধু ছিলেন। একপর্যায়ে জিয়াউলের সঙ্গে কামরুন্নাহারের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে তাঁকে নির্যাতন ও বিষপান করানো হয়ে থাকতে পারে।এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও জিয়াউলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাত্তার হোসেন বলেন, কামরুন্নাহারের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।