বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফরিদপুরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের হামেরদী পাইলট স্কুলের কাছে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী আঁখি আক্তার (১৪) হামেরদী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
এলাকার কয়েকজন সূত্রে জানা যায়, ফুফাতো ভাই ওহিদুল ইসলাম (২০) মামাতো বোন আঁখিকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আঁখি বিয়েতে রাজি হয়নি।
হামেরদী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিয়েতে রাজি না হওয়ায় ওহিদুল ক্ষুব্ধ হয়ে গতকাল স্কুলে আসার পথে আঁখিকে কুপিয়ে আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির জানান, ওহিদুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।