বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে খুন যুবক আটক
নেত্রকোনার মদন উপজেলার বাশুড়ি জয়নগর গ্রামে গত সোমবার রাতে জাসমিনা নামের এক তরুণী খুন হয়েছেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে একই গ্রামের জাহিদ নামের এক যুবক তাকে চাকু মেরে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জাহিদের বড় ভাই আলী হোসেনের সঙ্গে জাসমিনার বড় বোন ইয়াসমিনার বিয়ে হয়। আত্মীয়তার সূত্রে জাসমিনার (১৮) সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে জাহিদের (২৫)। একপর্যায়ে জাসমিনাকে বিয়ের প্রস্তাব পাঠান তিনি। কিন্তু জাসমিনার পরিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।এদিকে সোমবার কেন্দুয়া উপজেলার এক পাত্রের সঙ্গে জাসমিনার বিয়ে পাকাপাকি হয়। এ খবর শুনে জাহিদ ক্ষুব্ধ হন। পরে রাতে ফলকাটার চাকু হাতে জাসমিনাদের বাড়ি হাজির হন তিনি। একপর্যায়ে জাসমিনাকে পেছন থেকে চাকু দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাসমিনার মৃত্যু হয়। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।জাসমিনাকে চাকু দিয়ে আঘাত করার পর জাহিদের সঙ্গে ও জাসমিনার দুই ভাই ইসলাম (২৮) ও বদরের (১৪) ধস্তাধস্তি হয়। এ সময় ইসলাম ও বদর আহত হন। তাঁদের মারপিটে জাহিদও গুরুতর আহত হন। ইসলাম ও বদরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জাহিদকে আটক করে পুলিশি হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ‘ধারণা করা হচ্ছে জাহিদ একাই জাসমিনাকে খুন করেছেন। কী কারণে তাঁকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের সময় ব্যবহূত চাকুটি উদ্ধার করা হয়েছে।