বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এত ক্রোধ!
চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তাঁরই এক সহপাঠী। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আল-আমীন নামের ওই সহপাঠী গতকাল রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটায়। ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।জানা গেছে, আল-আমীন ও তাঁর সহপাঠী ওই তরুণী এমবিবিএস ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তাঁরা এখন তৃতীয় বর্ষে পড়েন। কিছুদিন আগে আমীন ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাতে সাড়া না দিলে তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে নালিশ দিলেও কোনো সমাধান হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে এক বান্ধবীসহ মাইক্রো-বায়োলজি শ্রেণীকক্ষের বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। হঠাৎ আল-আমীন ওই ছাত্রীকে জাপটে ধরে কামড় দেন। দাঁতের কামড়ে ওই ছাত্রীর শরীরের মাংস ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে তাঁর অস্ত্রোপচার করে ছিঁড়ে যাওয়া মাংস জোড়া দেওয়া হয়। ঘটনার পর থেকে আল-আমীন পলাতক।কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘এটি ছেলেমেয়ের দুই পরিবারের বিষয়। কিন্তু আজ যেটা ঘটেছে সেটা সন্ত্রাসী কাজ। তাই আমরা পুলিশকে জানিয়েছি। শিক্ষার্থীরা ওই ছাত্রের শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে। আমরা একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেব।’