বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আলেয়া আক্তার (২২) নামের এক কলেজছাত্রীকে জবাই করে এক বখাটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বখাটে দীন ইসলামকে (২৫) আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কলিয়া ইউনিয়নের বহরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আলেয়া রাজবাড়ী সরকারি মহিলা কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী এবং বহরা গ্রামের আওলাদ হোসেনের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আখের আলীর ছেলে দীন ইসলাম পেশায় অটোবাইকচালক। দীন ইসলাম সম্পর্কে আলেয়ার ফুফাতো ভাই। তিনি ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে বোনের বাড়ি থাকতেন। বেশ কয়েক দিন আগে দীন ইসলাম আলেয়াকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আলেয়ার ওপর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সম্প্রতি তিনি আলেয়ার পরিবারের কাছে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু এতে আলেয়ার বাবা-মা অপারগতা প্রকাশ করেন। নিহত আলেয়ার ভাই মো. আল-আমিন বলেন, তাঁর বাবার কর্মস্থলের সুবাদে তাঁরা পরিবারের সবাই রাজবাড়ী থাকেন। তিন দিন আগে তাঁরা গ্রামের বাড়ি বহরায় বেড়াতে আসেন। গতকাল সকাল ছয়টার দিকে দীন ইসলাম তাঁর বোনকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর ধারালো অস্ত্র দিয়ে তিনি তাঁর বোনকে জবাই করে পালিয়ে যান। তিনি অভিযোগ করেন, বিয়েতে রাজি না হওয়ায় দীন ইসলাম তাঁর বোনকে হত্যা করেন। আলেয়াকে জবাই করার পর পালিয়ে যাওয়ার সময় তাঁর মা ছাফিয়া বেগম তা দেখে ফেলেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলম বলেন, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা আওলাদ হোসেন বাদী হয়ে দীন ইসলামকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।