বিয়ের বদলে কিল-ঘুষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে চেয়েছিলেন প্রেমের স্বীকৃতি। বিয়ের দাবি নিয়ে গিয়েছিলেন প্রেমিকের বাড়িতে, কিন্তু বিয়ের বদলে তাঁর কপালে জুটেছে কিল-ঘুষি আর বুটের লাথি।এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা তিন দিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ওই নারীকে পুলিশ উদ্ধার করার পর আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিতার বাবা ও চাচাতো ভাই আদিতমারী থানায় মামলা করেন।অনুসন্ধানে জানা যায়, বড় কমলাবাড়ী গ্রামের দরিদ্র পরিবারের এই মেয়ের সঙ্গে প্রতিবেশী প্রভাবশালী পরিবারের ছেলে ফারুক আহমেদের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। দরিদ্র এ মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এলেও ফারুক তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তা ভেঙে দেন। কিন্তু এই প্রেম মেনে নিতে পারেনি ফারুকের পরিবার। পরিবারের সদস্যরা ফারুককে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রেমিকা তাঁকে বিয়ের জন্য চাপ দেন। ফারুক রাজি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকা ফারুকের বাড়িতে হাজির হন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পরিবারের সদস্যরা মেয়েটিকে বেদম মারধর করে। তাঁর চিত্কারে শুক্রবার রাতে গ্রামবাসী ওই বাড়ির চারপাশে ভিড় করলেও নির্যাতন বন্ধ হয়নি। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে মীমাংসার জন্য শুক্রবার রাতে সালিসের ব্যবস্থা করা হয়, কিন্তু মীমাংসা ছাড়াই তা শেষ হয়।সালিসের মূল আয়োজক সাবেক ইউপি সদস্য ও ফারুকের চাচা রফিজ উদ্দিন বলেন, ‘মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিতে গিয়ে জোর-জবরদস্তি করতে হয়েছে, এতে সে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি হয়নি। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।’চিকিৎসাধীন মেয়েটি বলেন, ফারুকের সঙ্গে তাঁর সম্পর্ক ২০০১ সাল থেকে। ফারুক তাঁকে বিয়ে করতে রাজি হলে তিনি ফারুকের বাড়িতে যান। সেখানে তাঁর পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। এমনকি ফারুকও খারাপ আচরণ করেন।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।