
‘যাঁরা এখনো বিয়ে করেননি, তাঁদের অবশ্যই একবার এই উৎসবে আসা উচিত। তাহলে বিয়ের প্রস্তুতি নিতে তাঁদের খুব সুবিধা হবে।’ কথাটি চিত্রনায়ক রিয়াজের। গতকাল সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পন্ডস-নকশা বিয়ে উৎসব-২০১৬’ উদ্বোধন করে মঞ্চে উঠে এমনভাবেই বললেন তিনি। মঞ্চে তখন রিয়াজের পাশে ছিলেন সংগীতশিল্পী এলিটা করিম এবং নাটকনির্মাতা আশফাক নিপুণ।
সকালেই বিয়ে উৎসব প্রাঙ্গণে বাজছিল ব্যান্ড পার্টির বাজনা। ঘোড়ার গাড়িতে চড়ে এলেন এলিটা-নিপুণ দম্পতি। তাঁদের বরণ করে নেন রিয়াজ। ব্যান্ড পার্টির বাজনা, গেট ধরা, ফুলের পাপড়ি ছিটানো, মিষ্টিমুখ—বিয়েবাড়ির সবকিছুই ছিল তখন। এলিটা আর নিপুণ তো বলেই ফেললেন, এত রাজকীয় আয়োজন তাঁদের বিয়েতেও হয়নি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইউনিলিভারের মিডিয়া ম্যানেজার তানভীর ফারুক, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনসহ অনেকে।
উদ্বোধনে যেমন বিয়েবাড়ির আবহ, তেমনি দুই দিনের এই উৎসবজুড়েই রয়েছে বিয়ে আয়োজনের সব অনুষঙ্গ। ছেলে বা মেয়ে—বিয়ে যে-ই করুন, কিংবা অভিভাবক বিয়ের আয়োজনের সব প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা এখানে এলেই। সাজ, পোশাক, গয়না, খাবার-দাবার, হোটেল-রিসোর্ট, বিয়ের ছবি ও ভিডিও, আয়োজন ব্যবস্থাপনা, দাওয়াতপত্র তৈরি, ঘর সাজানোর পণ্য—বিয়ে আয়োজনের সবকিছু সরবরাহ বা তৈরির দেশসেরা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এই উৎসবে। স্টলগুলোর আয়োজন দেখে বোঝা গেল, বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে পরিবর্তন। এখনকার বিয়ে যেন আরও রঙিন, আরও বর্ণাঢ্য।
অংশগ্রহণকারী বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের পণ্য বা সেবায় দিচ্ছে নানা ছাড় ও উপহার। ‘বিয়ের বাজার দেশেই’—এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। সম্মেলন কেন্দ্রের মিল্কিওয়েতে বসানো হয়েছে দৃষ্টিনন্দন স্টল ও প্যাভিলিয়ন।
বিয়ের মূল মঞ্চ সাজানো হয়েছে সম্মেলন কেন্দ্রের হারমোনি মিলনায়তনে। সেখানেও আছে স্টল। উৎসবের প্রথম দিনই দুপুরের পর থেকে এতে যোগ দিয়েছেন হাজারো মানুষ। উৎসবটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর।
বিয়ে উৎসবে বেজেছে সানাই। উৎসবস্থলে বিয়ে ও হলুদের গান শুনিয়েছে নারায়ণগঞ্জের এস এম সেলিমের চৈতি সংগীত একাডেমি। সকালে ও সন্ধ্যায় দুই দফা ঐতিহ্যবাহী কাওয়ালি শুনিয়েছেন সমীর কাউয়াল। বিকেলে উৎসব মঞ্চে গান শুনিয়েছেন কণ্ঠশিল্পী পুলক, সাব্বির, সালমা ও রন্টি।
সন্ধ্যা থেকে ছিল বিয়ে নিয়ে দর্শকদের নানা প্রশ্নের সরাসরি উত্তর। সেসব প্রশ্নের উত্তর দেন সৌন্দর্য, অন্দরসজ্জা, আলোকচিত্র ও ফ্যাশনবিষয়ক বিশেষজ্ঞরা। দর্শকেরা জানতে চান, ‘ঢাকার বাইরের কনে কানিজ আলমাস খানের হাতে কীভাবে সাজবেন?’ ‘সাকিব আল হাসানের স্ত্রীকে সাজাতে ফারজানা মুন্নির কেমন লেগেছিল?’ কিংবা ‘নিজের বিয়ের দিনে কাউকে সাজিয়েছেন কি না?’ এই পর্বে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, রাহিমা সুলতানা, ফারজানা মুন্নী, আফরোজা পারভীন, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী ও আলোকচিত্রী প্রীত রেজা।
যারা অংশ নিয়েছে: পন্ডস-নকশা বিয়ে উত্সবে অংশ নিয়েছে বিয়ের প্রয়োজনীয় যাবতীয় পণ্য ও সেবাদাতা দেশি প্রতিষ্ঠানগুলো। এদের মধ্যে রয়েছে প্রসাধনী পন্ডস; সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনা, কিউবেলা, রেড বিউটি পারলার অ্যান্ড স্পা, হারমোনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন, অরা বিউটি পারলার; ঘটকালি প্রতিষ্ঠান বিবাহবিডি ডটকম ও শাদিবাজার; অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভার্সেটাইল ইভেন্টস; আনুষঙ্গিক সজ্জার প্রতিষ্ঠান গ্রিন বক্স ইভেন্ট, রয়্যাল ওয়েডিং, ক্যান্ডল লাইট এবং বার্জার পেইন্ট; ফ্যাশন হাউস ড্রেসিডেল, মানিক বেনারসী, লুবনান ও ইনফিনিটি; গয়না তৈরির প্রতিষ্ঠান অ্যারাবিয়ানস; খাবার প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান ফকরুদ্দিন বিরিয়ানি, প্রিমিয়ার ক্যাটারিং, রস, ইবরাহিম ক্যাটারিং, ওয়েস্টার, পানসুপারি; বিয়ের ছবি তোলা ও ভিডিও করার জন্য ওয়েডিং ডায়েরি, ড্রিমউইভার, ওয়েডিং চ্যাপেল, ওয়েডিং কালারস, ইশরাত আমিন ফটোগ্রাফি; হোটেল রিসোর্ট হোটেল দ্য প্যালেস, কক্স টুডে, মারমেইড, দুসাই রিসোর্ট, ছুটি; পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন, বেঙ্গল ট্যুরস, ট্যুর বিডি ডটকম, ভ্রমণ ডটকম ডট বিডি। এ ছাড়া উত্সবে আরও যোগ দিয়েছে মমতাজ মেহেদী, স্পার্ক এন্টারটেইনমেন্ট, কাঠ খোদাই করে উপহার তৈরি করা প্রতিষ্ঠান উডপেকার, চুল প্রসাধনী কুমারিকা, গৃহস্থালির পণ্য টাপারওয়্যার, বালিশ ও শোবার ঘরের জিনিসপত্রের প্রতিষ্ঠান ইকো ড্রিমস, আজাদ প্রোডাক্টস, বিয়ের অনুষ্ঠানের জন্য হল ম্যারিয়ট কনভেনশন সেন্টার। প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশনের স্টলও আছে উৎসবে।
আজ মঙ্গলবার উৎসবের শেষ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে গান, প্রশ্নোত্তর, ফটোসেশনসহ নানা আয়োজন। রাতে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। পন্ডস-নকশা বিয়ে উৎসবের আয়োজন করেছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা এবং ইউনিলিভারের প্রসাধনসামগ্রী পন্ডস।