বিয়ের বিশেষ বিধানের সুযোগ নিতে পারে দুষ্ট লোকেরা
বিশেষ বিবেচনায় ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের যে প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, তা বাল্যবিবাহ নির্মূলে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারে। দুষ্ট লোকেরা এর সুযোগ নিতে পারে এবং দেশে বাল্যবিবাহের হার বেড়ে যেতে পারে।
কথাগুলো বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ‘বাংলাদেশে শিশু সুরক্ষা পরিস্থিতি: অপশনাল প্রটোকল ৩ অনুস্বাক্ষরের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় কথাগুলো বলেন তিনি। আজ রোববার বিয়াম ফাউন্ডেশনের কুদরত-ই-ইলাহি হলে আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং এসওএস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
কাজী রিয়াজুল হক বলেন, সরকারের যেসব অভিযোগপদ্ধতি আছে, সেগুলোকে আগে জানতে হবে। যেমন জাতীয় মানবাধিকার কমিশনে নির্যাতনের ব্যাপারে অভিযোগ করা যায়। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মিডিয়ার কাছে অতিরঞ্জিত করে তথ্য দেওয়া হয়, কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীর বলেন, ‘আমাদের দেশের শিশুরা আমাদের দেশের বর্তমান আইন সম্পর্কেই জানে না। সুতরাং আইনটি স্বাক্ষরের আগে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। বাংলাদেশ শিশু অধিকার সনদের প্রথম ২০টি অনুস্বাক্ষরকারী দেশের মধ্যে একটি কিন্তু আমাদের দেশে শিশুরা নির্যাতনের শিকার হয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ‘বাংলাদেশ শিশুদের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে ঐচ্ছিক প্রটোকল ১ এবং ২ অনুস্বাক্ষর করেছে। সুতরাং গুরুত্ব বিবেচনায় সময় হলে বাংলাদেশ ঐচ্ছিক প্রটোকল ৩ অনুস্বাক্ষরের বিষয়টিও বিবেচনা করবে। তবে ঐচ্ছিক প্রটোকল ৩ অনুস্বাক্ষরের আগে সরকারের নিজেদের মধ্যে জনমত গঠন এবং আমাদের নিজেদের কাঠামোগুলোকে শক্তিশালী করতে হবে।’
মূল প্রবন্ধ উপস্থাপনকালে সেভ দ্য চিলড্রেনের মামুনুর রশিদ বলেন, শিশু অধিকার লঙ্ঘনের ফলে দেশে প্রতিকার না পেলে প্রটোকল ৩-এর অধীনে জাতিসংঘের শিশু অধিকার কমিটিতে বিচারপ্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ শিশুর সুরক্ষার ক্ষেত্রে সহিংসতার বিষয়টি সাধারণভাবে গুরুত্ব দেওয়া হলেও শোষণ, নিপীড়ন, অপমানের বিষয়টি সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের প্রতি সহিংসতার বিষয়ে তিনি বলেন, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ১৬১ শতাংশ ধর্ষণ বেড়েছে। গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে ধর্ষণ বেড়েছে ১৪ শতাংশ।
প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে শিশু অধিকার রক্ষায় চলমান শিশু পরিস্থিতি উন্নয়নে শক্তিশালী প্রতিরোধ-প্রতিকার কাঠামো এবং কার্যকর অভিযোগ করার ব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়া-সংক্রান্ত জাতিসংঘের শিশু অধিকার সনদের অপশনাল প্রটোকল ৩-এর অনুস্বাক্ষর শিশুদের জন্য আরও বৃহত্তর সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীর, এসওএস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর গোলাম আহমেদ ইসহাক প্রমুখ।