বিয়ের বয়স আঠারোর কম নয়: নরওয়ের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার প্রথম কর্ম অধিবেশনে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো নারী অধিকারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ছবি: মহিলা পরিষদের সৌজন্যে
বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার প্রথম কর্ম অধিবেশনে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো নারী অধিকারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ছবি: মহিলা পরিষদের সৌজন্যে

বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের কম হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো। তিনি বলেন, তৃণমূলের নারী আন্দোলনের সংগঠকদের সম্মিলিত আন্দোলনের ফলে এ দেশে বাল্যবিবাহের মতো অনেক প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার প্রথম কর্ম অধিবেশনে মেরেতো লুনডেমো এসব কথা বলেন।
নরওয়ের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে, যার মধ্যে নারীর ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষেত্রে এ দেশের নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস অত্যন্ত ইতিবাচক এবং দৃশ্যমান ও অদৃশ্যমান নারীর সব উৎপাদন বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি বলে তিনি মনে করেন। বাংলাদেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখারও আহ্বান জানান নরওয়ের রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, সত্যিকার অর্থে একটি সুন্দর ও সফল সমাজের জন্য নারী-পুরুষের সমান অবদান প্রয়োজন। আমাদের দেশে নারীদের প্রতি বৈষম্যের বহুমুখী বিষয় বিদ্যমান। রাজনৈতিক ও মতাদর্শিক বিভাজনের বাইরে গিয়ে নারী হিসেবে একটি বৃহৎ ঐক্য তৈরি করে নারীর প্রতি বৈষম্যমূলক আইনসহ অন্যান্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্যমান বিষয়গুলোর বিরুদ্ধে একটি গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে। নারী ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, শ্রমিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে নারীর স্বার্থসংশ্লিষ্ট একটি সমন্বিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ইউএন উইমেন বাংলাদেশের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুশান হান্টার বলেন, ‘বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রে নারীরা আছেন। কিন্তু সেখানে তাঁদের চ্যালেঞ্জগুলো এখনো আছে। বিভিন্ন ক্ষেত্রের এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবিলা করা যায়, সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।’
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন অসাম্প্রদায়িক নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সংগ্রাম সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে। আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে, যা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নারীদের সাহস ও সমর্থন জোগাবে।’
সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাগত বক্তব্যে বলেন, নানান প্রতিকূলতা ও গভীর চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে ক্রমবর্ধমান নারী শ্রমশক্তি, যার মধ্যে আছেন নারী কৃষক, পোশাক শিল্পে কর্মরত নারী, চ্যালেঞ্জিং পেশাসহ বিভিন্ন পেশায় কর্মরত পেশাজীবী নারী, শ্রমিক নারী যাঁরা আগামী দিনের সমৃদ্ধ অর্থনীতির অন্যতম অংশীদার। এ ছাড়া বিনা পারিশ্রমিকে যাঁরা গৃহস্থালির কাজ বা সেবা দানের কাজ করছেন, দেশের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়টিও আজ জাতীয় ও বিশ্বপরিসরে স্বীকৃতির দাবি রাখে।
উদ্বোধনী অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী ছায়া কর্মকার ও এ টি এম জাহাঙ্গীর। অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সংগঠন উপপরিষদের সম্পাদক উম্মে সালমা বেগম। সম্মেলনে দেশের ৫৯টি জেলা শাখা থেকে ৫০০ জন সংগঠক অংশগ্রহণ করেন।
দ্বিতীয় কর্ম অধিবেশনে কমিশনভিত্তিক আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হয়। কমিশনভিত্তিক আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সমন্বয়কারী সীমা মোসলেম। কমিশনভিত্তিক আলোচনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অন্যতম বাধা ন্যায়বিচারের অভাব বিষয়ে আলোচক ছিলেন আইনজীবী তানজীবুল আলম, মডারেটর ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা শামসে আরা এবং সমন্বয়ক ছিলেন পরিচালক, লিগ্যাল এইড উপপরিষদ মাকছুদা আখতার প্রমুখ।