বিয়ের বয়স কমালে রূপকল্প সফল হবে না
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, ১৯২৯ সালের আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স যেখানে ১৮ বছর করা হয়, ২০১৫ সালে এসে সরকার যদি শর্ত দিয়ে বয়স কমিয়ে ফেলতে চায় তাহলে এ দেশের নারী আন্দোলন কখনোই তা মেনে নেবে না। সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সরকারের ভিশন (রূপকল্প) ২০-২১,৪০-৪১ কখনোই সফল হবে না।
আয়শা খানম বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। এই সরকার নারীর ক্ষমতায়নের জন্য বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কাজেই এই সরকার অবশ্যই সংঘাতমূলক সিদ্ধান্ত নেবে না।
আজ সোমবার মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ বছর বহাল রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে (কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত) অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
৭০টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে আলোচকেরা বলেন, বিয়ের বয়স পরিবর্তন করে তা কমিয়ে ফেলা হলে তা হবে প্রচলিত দেশীয় আইন, জাতিসংঘের বিভিন্ন সনদ ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমাদের দাবি একটিই, তা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ রাখা হোক। ১৬ বছরে যেখানে একটি মেয়ে স্কুলের গণ্ডি পেরোতে পারে না সেখানে মেয়ে কীভাবে পরিবারের দায়িত্ব নেবে? তাই সরকারের আইনে যদি শর্ত দিয়ে বিয়ের বয়স কমানো হয় তাহলে আন্দোলন চলতে থাকবে।’
মানববন্ধনে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, অ্যাকশন এইডের রোকেয়া আক্তার, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নাসিমা আক্তার, দলিত নারী ফোরামের মণি রানি দাস, সাংবাদিক নাসিমুন আরা হক, অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনের সেলিনা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।