বিয়ের বয়স আসলে কত নির্ধারণ করা হচ্ছে, সে সম্পর্কে সরকারের সুস্পষ্ট বক্তব্য চায় নারী ও শিশু অধিকার রক্ষা নিয়ে কাজ করছে এমন ৬৯টি সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা বলেন, তাঁরা ধারণা করছেন যে বাল্যবিবাহের হার কম দেখাতে সরকার বিয়ের বয়স কমানোর মতো উদ্যোগ নিতে যাচ্ছে।
‘কন্যা শিশুর ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখতে হবে’—এই দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় গতকাল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচি (ইউএনএফপিএ) সামাজিক প্রতিরোধ কমিটির দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে। ইউএনএফপিএ, সেভ দ্য চিলড্রেন ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জানান, বিয়ের বয়স কমানো হচ্ছে, এমন একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এতে করে বাল্যবিবাহ রোধের কার্যক্রমে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।
সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিয়ের বয়স ১৬ করে সরকার অনেকের সমর্থন পেতে পারে। সমর্থনের কারণ, মেয়েশিশুর বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। রাষ্ট্রে আইনের শাসন সম্পূর্ণ অনুপস্থিত। বাবা-মা মনে করেন যে বিয়ে দিলে মেয়ে নিরাপদে থাকবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের ব্যর্থতার দায় কেন একটি শিশু নেবে? শিশুকে তার জীবন দিয়ে, শৈশব দিয়ে কেন এর মাশুল দিতে হবে?’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সরকার বিয়ের বয়স ১৮ থেকে ১৬তে নামিয়ে আনলে তা দেশের আইন এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও সনদের সঙ্গে সাংঘর্ষিক হবে।
সিডওর চেয়ারম্যান ও উইমেন ফর উইমেনের সহসভাপতি সালমা খান বলেছেন, বিয়ের বয়স নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কারণ শিশুর বয়স আইন অনুযায়ী ১৮। এটিই বহাল আছে।
মানবাধিকারকর্মী হামিদা হোসেন বিয়ের বয়স বাড়ানোর দাবি করেছেন।
দীপ্ত-এ ফাউন্ডেশন ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্টের জাকিয়া কে হাসান বলেন, গত ৪৮ ঘণ্টার খবর হচ্ছে, আইন মন্ত্রণালয়ে আইন নিয়ে নাড়াচাড়া চলছে। কিন্তু এ সম্পর্কে সব মন্ত্রণালয়েরও জানা নেই।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘সরকার তার অবস্থান পরিষ্কার করুক। একবার বলা হচ্ছে ১৮ই থাকছে, আরেকবার বলা হচ্ছে ১৬। কোনো একটা জায়গা থেকে পরিষ্কার করে বলা হোক আসলে কী হচ্ছে।’
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা খান বলেন, ‘নারী ও শিশু অধিকারবিষয়ক যেকোনো আইন প্রণয়নের প্রক্রিয়ায় সব সময় আমাদের যুক্ত করা হয়। এবারই প্রথম আমরা কিছু জানতে পারছি না।’ তিনি বলেন, বিয়ের বয়স কমানো হলে মনে করতে হবে যে সরকার ‘ম্যারিটাল রেপ’কে উৎসাহ দিচ্ছে।
ইউনিসেফের জেন্ডার প্রতিনিধি রোশনী বাসু বলেন, অনেকে মনে করছেন, বাল্যবিবাহ কমানোর সূচকে সাফল্য দেখাতে সরকার বিয়ের বয়স কমানোর কথা ভাবছে। কিন্তু জাতিসংঘের কাছে শিশুর বয়স ১৮। ১৮-এর নিচে যেকোনো বিয়েই বাল্যবিবাহ বলে গণ্য হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জেন্ডার স্পেশালিস্ট শামীমা রহমান বলেন, বিয়ের বয়স কমালে স্বাস্থ্যসূচকে পতন অনিবার্য। কারণ এতে করে কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু ও প্রসবজনিত জটিলতায় ভোগা নারীর সংখ্যা বাড়বে।
সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা বিভাগের প্রধান লায়লা খন্দকার বলেন, কিশোরীরা লেখাপড়া করতে চায়। তাদের কথা সরকারকে শুনতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির প্রতিনিধি বারবারা হ্যামস্টিড, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন সরকার, কর্মজীবী নারীর রোকেয়া রফিক বেবী, অপরাজের বাংলাদেশের সভাপতি ওয়াহিদা বানু, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক প্রমুখ।