বিয়ের বয়স ১৮ থেকে না নড়ার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বাল্যবিবাহের বয়স ১৮ এবং ১৬ নিয়ে বেশি বেশি বিতর্ক করা হয়েছে। ফলে ১৬ বছরের কথাটাই মানুষের কাছে চলে গেছে। বিয়ের ক্ষেত্রে ১৮ বছর থেকে একচুলও নড়বে না। আর যেন এ প্রসঙ্গ না আসে। আইনে কোনো শর্ত রাখব না তা নীতিতে থাকবে, তা নিয়ে চিন্তা করছি।’
গতকাল রোববার ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এবং ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত ‘বাল্যবিবাহ : পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময়ে অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির কথা প্রত্যাহার না করে আলোচনা করেন। সুপারিশ করেন। আমরা সব সুপারিশ মনোযোগসহকারে দেখব। এখন আইনের খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। বিভিন্ন ধাপ পার হয়ে সংসদে যাওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে। আপনারা টেনশন করবেন না। এমন কোনো আইন হবে না, যা দেশের জন্য ক্ষতিকারক হয়।’
মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে একটি আইনের খসড়া তৈরি করেছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪ নামে আইনের এ খসড়া মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়ায় উল্লেখ আছে, ‘যুক্তিসংগত কারণে মা-বাবা বা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো নারী বিয়ে করলে সেই ক্ষেত্রে তিনি “অপরিণত বয়স্ক” বলে গণ্য হবেন না।’
রাজধানীতে ডেইলি স্টার কার্যালয়ে আজিমুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ কারণ বা শর্ত নিয়েই উদ্বেগ প্রকাশ করেন।
সভার সভাপতি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি, আইনগত সুরক্ষা দিয়ে “বিপদগ্রস্ত” হওয়া থেকে যাতে আমাদের রক্ষা করে।’
সভায় সমাজকল্যাণসচিব তারিক-উল ইসলাম বাল্যবিবাহ নিরোধ আইনে জনগণের মতামতের প্রতিফলন যাতে ঘটে, সে প্রত্যাশা করেন। তিনি এর আগে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তাঁর সময়ই আইনের খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হয়।
সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দেশের আইনে ১৮ বছরের কম বয়সীরা শিশু। তাই এ বয়সের আগে বিয়ে হলেই তা বাল্যবিবাহ হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক। জোটের সদস্য আইনজীবী ফরিদা ইয়াসমীন ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন এবং বর্তমান আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জোটের আরেক সদস্য চলচ্চিত্রনির্মাতা শবনম ফেরদৌসী বাল্যবিবাহ নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এ ছাড়া সভায় বাল্যবিবাহ-বিষয়ক গবেষণার তথ্য উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী বনশ্রী মিত্র।