বিয়ের বয়সে সরকারকে অবস্থান পরিষ্কার করার দাবি
মেয়েদের বিয়ের বয়স নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। এটি নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর মোর্চা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ওই কমিটি ‘কন্যা শিশুর ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখতে হবে’ এই দাবিতে ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভা থেকে বাল্যবিয়ে প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়।
সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিয়ের বয়স ১৬ বছর করে সরকার অনেকের সমর্থন পেতে পারে। সমর্থনের কারণ মেয়ে শিশুর বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। রাষ্ট্রে আইনের শাসন সম্পূর্ণ অনুপস্থিত। বাবা-মা মনে করেন, বিয়ে দিলে মেয়ে নিরাপদে থাকবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের ব্যর্থতার দায় কেন একটি শিশু নেবে? শিশুকে তার জীবন দিয়ে, শৈশব দিয়ে কেন এর মাশুল দিতে হবে? ’
মিজানুর রহমান বলেন, ‘এখন বড় দলের সঙ্গে যাওয়া মানে প্রভাবশালীদের অংশ হওয়া। রাজনীতি-অর্থনীতি এখন দুর্বৃত্তায়নের চক্রে ঘুরপাক খাচ্ছে।’
এ ছাড়া জাতিসংঘের জনসংখ্যা কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বলেন, বিয়ের বয়স কমানো হচ্ছে—এমন খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাল্যবিয়ে রোধ কার্যক্রমে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। আলোচকেরা বলেন, সরকার বিয়ের বয়স কমিয়ে আন্তর্জাতিক বিশ্বে ‘সূচকে’ সাফল্য দেখাতে চায়। এক সূচকে উতরানোর চেষ্টার কারণে অন্যগুলোয় বিপর্যয় দেখা দেবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সরকার বিয়ের বয়স ১৮ থেকে ১৬ বছরে নামিয়ে আনলে তা দেশের আইন ও আন্তর্জাতিক আইন ও সনদের সঙ্গে সাংঘর্ষিক হবে।
সিডওর চেয়ারম্যান ও উইমেন ফর উইমেন এর সহসভাপতি সালমা খান বলেছেন, বিয়ের বয়স নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কারণ শিশুর বয়স আইন অনুযায়ী ১৮ বছর। এটিই বহাল রয়েছে।
মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন বিয়ের বয়স বাড়ানোর দাবি করেছেন।
দীপ্ত এ ফাউন্ডেশন ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান জাকিয়া কে হাসান বলেছেন, গত ৪৮ ঘণ্টার খবর হচ্ছে আইন মন্ত্রণালয়ে আইন নিয়ে নাড়াচাড়া চলছে। এ সম্পর্কে সব মন্ত্রণালয়ের জানাও নেই।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘সরকার তার অবস্থান পরিষ্কার করুক। একবার বলা হচ্ছে ১৮ই থাকছে, একবার বলা হচ্ছে ১৬ বছর। কোনো একটা জায়গা থেকে পরিষ্কার করে বলা হোক—আসলে কী হচ্ছে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘নারী ও শিশু অধিকার বিষয়ক যেকোনো আইন প্রণয়নের প্রক্রিয়ায় সব সময় আমাদের যুক্ত করা হয়। এবারই প্রথম আমরা কিছু জানতে পারছি না।’ তিনি বলেন, বিয়ের বয়স কমানো হলে মনে করতে হবে সরকার ‘ম্যারিটাল রেপকে’ উৎসাহ দিচ্ছে।
ইউনিসেফের জেন্ডার প্রতিনিধি রোশনী বাসু বলেন, অনেকে মনে করছেন বাল্যবিয়ে কমানোর সূচকে সাফল্য দেখাতে সরকার বিয়ের বয়স কমানোর কথা ভাবছে। কিন্তু জাতিসংঘের কাছে শিশুর বয়স ১৮ বছর। ১৮ বছরের নিচে যেকোনো বিয়েই বাল্যবিয়ে বলে গণ্য হবে। তিনি বলেন, দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে বিয়ে বহির্ভূত গর্ভধারণ একটা বিষয় বটেই। গর্ভধারণ ঠেকাতে শিশুর বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার প্রসার ঘটিয়ে এই সমস্যার মোকাবিলা করা যায়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জেন্ডার স্পেশালিস্ট শামীমা রহমান বলেন, বিয়ের বয়স কমালে স্বাস্থ্যসূচকে পতন অনিবার্য। কারণ এতে কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও প্রসবজনিত জটিলতায় ভোগা নারীর সংখ্যা বাড়বে।
সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা বিভাগের প্রধান লায়লা খন্দকার বলেন, কিশোরীরা পড়াশোনা করতে চায়। তাদের কথা সরকারকে শুনতে হবে।
অপরাজেয় বাংলাদেশ-এর সভাপতি ওয়াহিদা বানু বলেন, ‘আমাদের ভাষার দাবি, স্বাধীনতার দাবি অর্জনে সরকারের সঙ্গে লেনদেনের কোনো বিষয় ছিল না। আন্দোলন করে তা অর্জন করতে হয়েছে। আমাদেরও এখন দাবি আদায় করে নিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির প্রতিনিধি বারবারা হ্যামস্টীড, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন সরকার, কর্মজীবী নারীর রোকেয়া রফিক বেবী, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক প্রমুখ।