বিয়ের সব আয়োজন এক ছাদের নিচে
বিয়ে মানেই কাজের যেন শেষ নেই। দাওয়াতপত্র থেকে শুরু করে ভেন্যু নির্ধারণ, অতিথি আপ্যায়ন, বিয়ের পোশাক ও সাজগোজ, উপহারসামগ্রী নির্ধারণ—এ যেন এক মহাকাণ্ড। আর জীবনের অন্যতম এই স্মৃতিকে ধরে রাখার জন্য ফটোগ্রাফি ও ভিডিওর চাহিদাও কম নয়। এই সব সুবিধাই মিলছে এক ছাদের নিচে।
গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে চলছে বিয়ের সব আয়োজন নিয়ে ওয়েডিং কার্নিভাল। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলবে আগামী রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যে কেউ সেখানে গিয়ে বিয়ের নানা সামগ্রী কেনার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য অর্ডারও দিয়ে রাখতে পারবেন।
এই ওয়েডিং কার্নিভালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, গয়না, প্রসাধনী, বিয়ের বর-কনের পোশাক ও ফ্যাশন পণ্য। তা ছাড়া বিয়ের সাজ ও মেকআপের জন্য পরামর্শের পাশাপাশি সেবা নেওয়ার সুযোগ রয়েছে। রয়েছে গৃহস্থালির জন্য প্রয়োজনীয় নানা সামগ্রী কেনাকাটা ও অনলাইনে অর্ডার দেওয়ার সুযোগ।
গায়েহলুদ থেকে শুরু করে বিয়ে ও বউভাতে স্টেজ সাজানোর জন্য প্রয়োজনীয় সব সেবা দিতে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এখানে পাওয়া যাবে স্টিল ফটোগ্রাফি ও ভিডিওর সুবিধাও। আর কেউ যদি বিয়ের জন্য ব্যাংকঋণ নিতে চান, তবে সেটিও মিলবে এই কার্নিভালে।
কার্নিভালের আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী আহমেদ ইমতিয়াজ জানান, বাংলাদেশে সাধারণত শীতকালেই বেশি বিয়ের আয়োজন হয়ে থাকে। আর সে লক্ষ্যেই এক ছাদের নিচে বিয়ের সব ধরনের সেবা দেওয়ার জন্য এ আয়োজন। এতে করে ব্যস্ত নাগরিক জীবনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন তিনি।