বিয়ের সাজে প্রতীকী অনশন
নানা রঙের কাপড় ও ফুল দিয়ে সাজানো প্যান্ডেল। তৈরি করা হয়েছে বিয়ের মঞ্চ। সকাল থেকে প্যান্ডেলের নিচে জড়ো হতে থাকেন নানা বয়সের দম্পতি। মাথায় টোপর, কপালে চন্দন, বাহারি নকশার শাড়ি আর পুষ্পবেণিতে নারী এবং ধুতি-পাঞ্জাবি পরিহিত পুরুষেরা দিনভর প্রেসক্লাব চত্বরকে বর্ণিল করে তুলেছিলেন। দীর্ঘদিন ঘরসংসার করার পর দম্পতিদের হঠাত্ বিয়ের সাজে দেখে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল কয়েক শ দর্শনার্থীর মনে।হিন্দু বিয়ের নিবন্ধনসহ আইনি সংস্কারের দাবিতে গতকাল শনিবার নড়াইল প্রেসক্লাব চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংস্থা বাঁচতে শেখার নাগরিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা থেকে শুরু হয় অনশন কর্মসূচি। দেড় শতাধিক বিভিন্ন বয়সের দম্পতি এতে অংশ নেন। সুধীজনের বক্তব্য শেষে দুপুর দুইটায় অতিথিরা শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।নাগরিক কমিটির সভাপতি কার্তিক দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এস কে আবু বাকের। প্রধান বক্তা ছিলেন রামকৃঞ্চ আশ্রম ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ পরিমল মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর, শিক্ষাবিদ প্রদ্যোত্ ভট্টাচার্য্য।বক্তারা বলেন, বিবাহ রেজিস্ট্রেশন না হলে হিন্দু নারীরা নির্যাতিত হবে। প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হবে। স্বামী সরকারি চাকরিজীবী হলে স্বামীর মৃত্যুর পর তার পাওনা টাকা আদায়ের জন্য বিবাহ নিবন্ধন জরুরি। এ ছাড়া সন্তানের অভিভাবকত্ব নির্ণয় এবং স্বামী পরিত্যক্ত স্ত্রীর সন্তানের বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার আদায়ের জন্য রেজিস্ট্রেশন হওয়া দরকার। কিন্তু বাংলাদেশে হিন্দু বিয়ের কোনো নিবন্ধন হয় না। অথচ ভারতে ১৯৬৫ সালে আইন করে হিন্দু বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়।সাংসদ এস কে আবু বাকের বলেন, সময়ের প্রয়োজনে সভ্যতার বিবর্তনে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। পরিবর্তনের এই ছোঁয়া লেগেছে মানুষের বৈবাহিক জীবনেও। সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হিন্দু বিবাহ নিবন্ধন এখন সময়ের দাবি। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সংসদে একটি বিল উত্থাপনের আশ্বাস দেন।