বিয়ের ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ের ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লিপি খাতুন (২৮)। আজ রোববার ভোরে বনপাড়ার একটি হাসপাতালে পাঁচ সন্তান প্রসব করেন লিপি। তবে দুটি কন্যাসন্তান ও মা সুস্থ আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনটি শিশু অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে মৃত অবস্থায় জন্মেছে।

লিপি বড়াইগ্রামের নগর গ্রামের জাকের মণ্ডলের স্ত্রী। লিপির মা লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে জাকের মণ্ডলের সঙ্গে লিপির বিয়ে হয়। দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় লিপির প্রতি সবাই অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তানসম্ভবা হন। গতকাল শনিবার রাতে প্রসবব্যথা উঠলে তাঁকে দ্রুত বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তিনি স্বাভাবিকভাবেই পাঁচটি সন্তান প্রসব করেন।
বনপাড়ার ওই হাসপাতালের চিকিৎসক আনসারুল হক বলেন, অস্ত্রোপচার ছাড়াই লিপি খাতুন পাঁচটি সন্তান প্রসব করেন। মা ও দুটি শিশু সুস্থ আছে। অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি বলে তাদের মৃত অবস্থায় জন্ম হয়েছে।