বিয়ের ১৫ দিনের মধ্যে শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন কল্পনা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিরামপুর গ্রাম থেকে গত শুক্রবার রোকেয়া খাতুন কল্পনা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু শ্বশুরপক্ষের দাবি, কল্পনা আত্মহত্যা করেছেন।কল্পনার বাবার বাড়ি সদর উপজেলার পিরোজখালী গ্রামে। তিনি পিরোজখালী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। স্বামী মতিয়ার রহমান মতিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার্থী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কল্পনাকে দেখার জন্য শুক্রবার তাঁর বড় চাচা ও বড় দুলাভাই হরিরামপুরে যান। তাঁরা ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির লোকজন বাড়ির একটি কক্ষ থেকে কল্পনার নিস্তেজ দেহ বের করে তাঁর মাথায় পানি ঢালতে থাকেন। শ্বশুরবাড়ির লোকজন তখন জানায়, কল্পনা গলায় ফাঁস দিয়েছেন। ঘটনার একপর্যায়ে স্বামী মতিন বাড়ি থেকে পালিয়ে যান।পরে পুলিশ কল্পনার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল শনিবার ময়নাতদন্ত সম্পন্ন শেষে তাঁকে পিরোজখালী গ্রামে দাফন করা হয়েছে। দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) তোবারক হোসেন বলেন, এ ঘটনায় গৃহবধূর চাচা আজিজুল হক অপমৃত্যুর মামলা করেছেন।নিহত কল্পনার শ্বশুর জাহান আলী জানান, কল্পনা আত্মহত্যা করেছেন। কিন্তু কল্পনার বাবার বাড়ির লোকজনের দাবি, কল্পনাকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে মুঠোফোনে পরিচয় হয় মতিন ও কল্পনার। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের ঘনিষ্ঠতার একপর্যায়ে বিয়ের কথা বলেন কল্পনা। কিন্তু বেঁকে বসেন মতিন।প্রতিবেশীরা জানান, গত ৫ মে মতিনের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন কল্পনা। মতিয়ার ও তাঁর পরিবার এতে রাজি হয়নি। তবে নিজ দাবিতে অনড় থাকেন কল্পনা। শেষ পর্যন্ত পরের দিন মতিন ও কল্পনার বিয়ে হয়। তবে বিয়ের প্রথম দিন থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। মতিনের মা হাসিনা বেগম জানান, পুত্রবধূ কল্পনা তাঁর কাছেই ঘুমাতেন। অন্যদিকে, নিজের পছন্দে বিয়ে করায় কল্পনার বাবার বাড়ির লোকজনও তাঁর তেমন কোনো খোঁজখবর নিতেন না।