বিয়ের ২ মাসের মাথায় লাশ, ভাতিজাদের হাতে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়ায় গত শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে নববিবাহিত এক নারীকে হত্যা করা হয়েছে। একই দিন বাকেরগঞ্জ উপজেলায় ভাতিজাদের হাতে খুন হয়েছেন চাচা।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মোশারেফ খানের মেয়ে দিলরুবা আক্তারের (২২) দুই মাস আগে বানারীপাড়ার বেতাল গ্রামের শামীম হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। দুজন শুক্রবার পাশের সলিয়াবাকপুর গ্রামে শামীমের বড় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যান। রাতে তাঁরা পাশের নরোত্তমপুর গ্রামে স্থানীয় একটি মেলায় যান। সেখান থেকে নিরুদ্দেশ হন দিলরুবা। রাত সাড়ে ১০টার দিকে নরোত্তমপুর গ্রামের মল্লিক বাড়ির সামনের রাস্তার পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান বলেন, দিলরুবাকে হত্যা করা হয়েছে, এটা আলামত দেখে নিশ্চিত হয়েছেন তাঁরা। গতকাল শনিবার দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বানারীপাড়া থানা-পুলিশ ওই রাতেই দিলরুবার স্বামী শামীম হাওলাদার, শ্বশুর আলম হাওলাদার, শাশুড়ি মনোয়ারা বেগম, বড় বোন শিল্পী, ভগ্নিপতি আল আমিন, দেবর সুমনসহ সাতজনকে আটক করেছে।
একই দিন বাকেরগঞ্জ উপজেলার খেজুরা ভরপাশা গ্রামে খুন হন কাকা নিতাই চন্দ্র (৫০)। তাঁর ভাইয়ের ছেলে খোকন, সজল এবং ভাই ইন্দ্র ও মাধব চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ।
নিতাই চন্দ্রের স্ত্রী মুকুল রানী শীল বলেন, খোকন, সজল এবং দেবর ইন্দ্র ও মাধব শীলের সঙ্গে তাঁদের বাবা গৌরাঙ্গ চন্দ্র শীলের শেষকৃত্যের স্থান নির্ধারণ নিয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নিতাইয়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে নিতাইকে মারধর করেন এবং তাঁর গলা চেপে ধরেন। এতে নিতাই জ্ঞান হারিয়ে ফেলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক চারজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হামলায় আহত ব্যক্তির মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি জানান, ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে গত ২২ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আবদুল হাকিম হাওলাদার (৮০)। তিনি শুক্রবার রাতে নিজ বাড়িতে মারা যান।
পুলিশ ও পরিবার জানায়, জমি নিয়ে বিরোধের জেরে হাকিমের সঙ্গে গ্রামের সরোয়ার হোসেন হাওলাদার ও ইদ্রিস আলী হাওলাদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হাকিম হাওলাদারকে পিটিয়ে আহত করেন। হাকিম ২৯ জানুয়ারি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি বাড়ি চলে আসেন। গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।