বিয়ের ২২ দিনের মাথায় তালাক, কসবায় গৃহবধূর আত্মহত্যা
বিয়ে হয়েছে এক মাসও হয়নি। গত সোমবার ২২ দিনের মাথায় স্বামী তালাক দিয়েছেন। এ কারণে অভিমানে এ দিনই আত্মহত্যা করেছেন গৃহবধূ শারমিন আক্তার (২০)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, শ্যামপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে দুলাল মিয়ার সঙ্গে (৩০) ২০ মার্চ একই গ্রামের ছিদ্দিক মিয়ার মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরপরই শারমিনকে নিয়ে সংসার করবেন না বলে দুলাল জানান। এরপর তিন দিনের মাথায় শারমিন মামার বাড়িতে চলে আসেন। এ নিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে সালিস বৈঠক বসে। এ বৈঠকে দুলাল তাঁকে তালাক দেওয়ার কথা জানান। তালাক দেওয়ার কথা শুনে শারমিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। অবশ্য পরে তাঁর জ্ঞান ফিরে আসে। কিন্তু গভীর রাতে তিনি মামার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কসবা থানার পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।শারমিনের মামা ইদ্রিছ মিয়া বলেন, ‘মেয়েটি আমার বাড়িতে থেকেই এসএসসি পাস করেছে। কিন্তু টাকা-পয়সার জন্য আর পড়াশোনা করতে পারেনি। ওর ভবিষ্যতের কথা ভেবে এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথাও বলেছিলাম। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি দুলাল। তারপরও সে মেয়েটিকে তালাক দিয়েছে। অপমানের জ্বালা সইতে না পেরেই শারমিন আত্মহত্যা করেছে।’ কসবা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শারমিন তাঁর আত্মহত্যার জন্য স্বামী ও তাঁর ভাইদের দায়ী করে একটি চিঠি লিখে গেছেন। চিঠিটি জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। এসআই জানান, এ ঘটনায় নিহতের মামা ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ ব্যাপারে দুলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।