তাজউদ্দীন আহমদ বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন, তার সঠিক মূল্যায়ন হয়নি। বাংলাদেশের ইতিহাসে তিনি বিয়োগান্তের নায়ক। গতকাল রোববার বিকেলে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনির্বাণ ৭১ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ওই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘তাজউদ্দীনকে প্রথম দেখি অসহযোগ আন্দোলনের সময়। কেন্দ্রীয় সরকার কীভাবে পরিচালনা করতে হয়, তা তাঁর খুব কাছ থেকে দেখেছি ও শিখেছি। তিনি ছিলেন সুস্পষ্ট চিন্তাধারার চরম আশাবাদী মানুষ। তিনি যেভাবে কাজ করতেন তাতে বাকিরা উদ্বুদ্ধ হতেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসে বিয়োগান্তের নায়ক। এই মানুষটি বাংলাদেশ ও বাঙালির জন্য অনেক অবদান রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির রূপকার।
অনুষ্ঠানে তাজউদ্দীনের বন্ধু এম এ করিম বলেন, তিনি যে কাজ করে গেছেন সে অনুযায়ী তাঁকে মূল্যায়ন করা হয়নি। তাঁকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তা অত্যন্ত কষ্টের।
তাজউদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি বলেন, তাজউদ্দীন ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। দেশপ্রেমের অর্থ হলো, সঠিকভাবে নিজের কাজটি করা।
অনুষ্ঠানের সভাপতি আমীর-উল ইসলাম তাজউদ্দীনের স্মৃতিচারণা করে বিভিন্ন ঘটনা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন অনির্বাণ ৭১-এর আহ্বায়ক ইফতেখার পাভেল।