বীজ আলুর সরবরাহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার চাহিদামতো মানসম্পন্ন বীজ আলু পাচ্ছেন না চাষিরা। এ দুই জেলায় প্রায় ৫৫ হাজার মেট্রিক টন বীজ আলুর চাহিদা থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবার সরবরাহ করেছে মাত্র এক হাজার ২০০ মেট্রিক টন।
ঠাকুরগাঁও সদরের বালিয়া গ্রামের আলুচাষি আহসানুল হাবিব বলেন, ‘বিএডিসির বীজ আলু কিনতে বেশ কয়েকজন ডিলারের কাছে ধরনা দিয়েও পাইনি। উপায়ান্তর না দেখে মাগুরা থেকে বাড়তি দামে বীজ আলু সংগ্রহ করেছি। বিএডিসি এ অঞ্চলের কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ আলু উৎপাদন করলে আমাদের দুর্ভোগ কম হতো।’
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ গ্রামের আলুচাষি সাজ্জাদুর রহমান জানান, বিএডিসির কার্ডিনাল জাতের আলুবীজের দাম প্রতি কেজি ৩১ টাকা। কিন্তু ডিলারদের কাছে তা না পেয়ে ৪৪ থেকে ৪৬ টাকায় সাধারণ মানের বীজ কিনে জমিতে লাগাতে হয়েছে। এতে একদিকে কৃষকের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে আলুর ফলনও কম পাওয়া যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও ও পঞ্চগড় কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে এ দুই জেলার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি। তবে ২০১৩ সালে দুই জেলায় ৮১ হাজার ২৯২ একর জমিতে আলু আবাদ হয়। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৫৬ হাজার ২১৭ একর ও পঞ্চগড়ে ২৫ হাজার ৭৫ একর জমিতে আলু আবাদ হয়।
বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপপরিচালকের (বীজ) কার্যালয় সূত্র জানায়, প্রতি একর জমিতে আলু আবাদে ‘এ’ গ্রেডের হলে ৬৪০ কেজি ও ‘বি’ গ্রেডের হলে ৭২০ কেজি বীজ আলু লাগে। প্রতি একরে গড়ে ৬৮০ কেজি হিসাব করলে আগের বছর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৫৫ হাজার ২৭৮ মেট্রিক টন বীজ আলুর চাহিদা ছিল। কিন্তু বিএডিসি এ বছর মাত্র এক হাজার ২০০ মেট্রিক টন বীজ আলু সরবরাহ করেছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭০০ ও পঞ্চগড়ে ৫০০ মেট্রিক টন বীজ আলু বরাদ্দ দেওয়া হয়।
চলতি বছরেও গত বছরের সমপরিমাণ জমিতে আলু আবাদের হিসাব করলে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় এবারও ৫৫ হাজার ২৭৮ মেট্রিক টন বীজ আলু প্রয়োজন হবে। কিন্তু বিএডিসির তথ্য অনুযায়ী, এ বছরও দুই জেলায় আগের বছরের সমপরিমাণই বীজ আলু সরবরাহ করা সম্ভব হবে।
বিএডিসি ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, এ কার্যালয় থেকে ঠাকুরগাঁওয়ে ১৫৭ ও পঞ্চগড়ে ৮৪ জন ডিলারের মাধ্যমে এবারও এক হাজার ২০০ মেট্রিক টন বীজ আলু বিপণন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদরের কয়েকটি এলাকা ও বালিয়াডাঙ্গী এবং পঞ্চগড়ের বোদা ও আটোয়ারীতে খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকায় বিএডিসির বীজ আলু কিনতে কৃষকেরা ডিলারের দোকানে ধরনা দিলেও মজুত ফুরিয়ে যাওয়ার অজুহাতে কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার বিএডিসি বীজ পরিবেশক মো. ফরিদউদ্দিন জানান, তিনি বিএডিসি থেকে ১৫ মেট্রিক টন কার্ডিনাল এবং পাঁচ মেট্রিক টন গ্যানুলা জাতের বীজ আলু বরাদ্দ পেয়েছেন। তাঁর হাতে বীজ আসার আগেই চাষিরা অগ্রিম বুকিং করে নিয়েছেন। অনেক চাষি বীজের খোঁজ করতে এসে ফিরে যাচ্ছেন। অনেকে বিএডিসির বীজ না পেয়ে বেশি দাম হলেও বেসরকারি কোম্পানির বীজ কিনে নিচ্ছেন। তবে তিনি বীজের বাড়তি দাম নেওয়ার প্রসঙ্গে বলেন, ক্রেতাদের সঙ্গে কথা বলেই দুই-চার টাকা এদিক-ওদিক করা হয়।
বিএডিসি (বীজ) ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মোশাব্বের হোসেন জানান, কোন জেলায় কত বীজ উৎপাদন করা হবে ও বরাদ্দ দেওয়া হবে, তা সিড প্রমোশন কমিটি নির্ধারণ করে দেয়। এর চেয়ে বেশি বীজ উৎপাদনে সামর্থ্য থাকলেও সংরক্ষণাগারের অভাবে সেগুলো রাখা সম্ভব হচ্ছে না। ঠাকুরগাঁওয়ে বিএডিসির যে আলুর হিমাগারটি রয়েছে, সেটির ধারণক্ষমতা মাত্র এক হাজার মেট্রিক টন। তবে পঞ্চগড়ে একটি হিমাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। হিমাগারটি নির্মাণ হলে পঞ্চগড়কে বীজ আলু উৎপাদনের আওতায় আনা হবে। তখন দুই জেলায় কিছুটা বেশি বীজ সরবরাহ করা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক ভূপেশ কুমার মণ্ডল বলেন, নির্ধারিত দামে বীজ বিক্রির জন্য বিএডিসি থেকে ডিলারদের নির্দেশনা দেওয়া থাকে। তার পরও কোথাও বেশি দামে বিক্রি হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট সার ও বীজ মনিটরিং কমিটির। বিএডিসি এ অঞ্চলের চাহিদার সমপরিমাণ বীজ আলু সরবরাহ করলে উৎপাদন আরও বৃদ্ধি পেত।