বীজ প্রক্রিয়াজাতকরণের কারখানা সিলগালা
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার সলিং মোড় এলাকার একটি কারখানায় উচ্চফলনশীল আমন ধানের নকল বীজ প্রক্রিয়াজাতকরণের অভিযোগে কারখানাটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার কারখানাটি থেকে ১৪ হাজার বীজ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উচ্চফলনশীল আমন ধানের বীজ প্রক্রিয়াজাতকরণের নামে শ্রীপুরের সলিং মোড়ে নকল ধান বীজের ব্যবসা চলছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার কৃষক। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে উপজেলা প্রশাসন ওই কারখানায় অভিযান চালায়। সেখান থেকে ১৪ হাজার কেজি নকল আমন ধান বীজ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করে ভাড়া করা একটি গুদামে শ্রমিক দিয়ে ‘উচ্চফলনশীল আমন ধান-সুপার গোল্ড সীড্স’ লেখা পাটের বস্তায় ভরে ওই বীজের ব্যবসা করে আসছিল। ১০ কেজি ওজনের প্রতি বস্তায় ব্রি-১১, ব্রি-৪৯, ব্রি-৩২, ব্রি-৫২ জাতের আমন ধান বীজের বাজারমূল্য লেখা রয়েছে ৬০০ টাকা। বীজের বস্তার গায়ে ‘সুপার ক্রপ কেয়ার লিমিটেড, মিরপুর, ঢাকা’ লেখা থাকলেও শ্রীপুরের রাস্তার ওপরে কারখানাটি দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। এরপর তাঁরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়।
এলাকার অনেকে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উচ্চ ফলনশীল আমন ধানের নকল বীজ এভাবে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।
কোম্পানির ব্যবস্থাপক খায়রুল আলম বলেন, ধানের বীজগুলো নকল নয়। সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়েই মানসম্পন্ন খামার থেকে বীজ সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামটি বন্ধ করে দেওয়া হয়েছে।