বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রে ১৫ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনার টেবুনিয়া বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রে (এসপিসি) কাজ করার সময় ১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ১২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কয়েকজন অসুস্থ শ্রমিক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ২০ জন শ্রমিক কেন্দ্রের একটি গুদামে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র গন্ধে তাঁদের শ্বাস–প্রশ্বাস আটকে আসতে থাকে। অনেকের শরীরের কাঁপুনি তৈরি হয়। পেট ফুলে যেতে থাকে। কিছুক্ষণ পর ১৫ জন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে অন্য শ্রমিক ও কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, এই কেন্দ্রে গ্যাস ট্যাবলেট দিয়ে ‘ফেমিগেশন পদ্ধতিতে’ বীজ সংরক্ষণ করা হয়। বীজকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। বীজের বস্তা সাজিয়ে ফাঁকে ফাঁকে গ্যাস ট্যাবলেট দিয়ে ত্রিপল দিয়ে আটকে দেওয়া হয়। এতে ভেতরের বাতাস বাইরে আসতে পারে না। কিন্তু কোনো একদিক দিয়ে এই বাতাস বাইরে বেরিয়ে আসায় পুরো গুদামে বিষক্রিয়া তৈরি হয়। এতে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন।
পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক মঞ্জুরা রহমান বলেন, নিশ্বাসের সঙ্গে শরীরের বিষাক্ত রাসায়নিক প্রবেশ করায় শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রাথমিকভাবে সব চিকিৎসাই দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, সবাই সুস্থ হয়ে উঠবেন।
জানতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনা কার্যালয়ের যুগ্ম পরিচালক আবদুল হামিদ বলেন, গুদামের বিষক্রিয়া বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।