বীজ বিক্রি কমায় আমনের লক্ষ্য পূরণ নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি আমন মৌসুমে ধানের বীজ বিক্রির পরিমাণ কমে গেছে। গত বছরের ৬ জুলাই পর্যন্ত সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৬৭ শতাংশ বীজ বিক্রি করেছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এবার একই সময়ে বিক্রি হয়েছে ৫৫ শতাংশ বীজ।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ৫৬ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে এক কোটি ২৮ লাখ ৩৬ হাজার মেট্রিক টন আমন চাষের উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ জন্য ৯০ হাজার টন বীজ প্রয়োজন পড়বে। এর মধ্যে বিএডিসি প্রায় ২৭ হাজার টন বীজ সরবরাহের প্রস্তুতি নিয়েছে। বাকি বীজের বেশির ভাগই কৃষক থেকে কৃষক পর্যায়ে বিক্রি হয়ে থাকে। বিশেষজ্ঞেরা মনে করছেন, গত বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ার পর কৃষক ধান বিক্রি করে ভালো দাম পাননি। সরকার কিছুটা দেরিতে হলেও চালের দাম নির্ধারণ করায় ধানের দাম গত দুই সপ্তাহে কিছুটা বেড়েছে। এখনো গত বছরের তুলনায় প্রতি মণ ধান ৫০ থেকে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে। ফলে আমন চাষের ব্যাপারে কৃষকের উৎসাহ কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনের মতে, খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারকে আমন ও আউশে উৎপাদন বাড়াতে হবে। এ জন্য ভারতের মতো বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের উচিত আমন মৌসুম শুরুর আগে ধান-চালের সর্বনিম্ন মূল্য ঘোষণা করা। এতে বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলহানির ঝুঁকিতে থাকা কৃষকেরা কিছুটা সাহস পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জুলাই মাসের পুরো সময়ে আমন ধানের বীজতলা তৈরি করা যায়। ফলে এখনো সময় আছে। আমনে উৎপাদন বাড়াতে আগামী দুই-তিন দিনের মধ্যে সরকার বিশেষ কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। সাধারণত সরকার এপ্রিল-মে মাসে ধান-চাল সংগ্রহ করে থাকে। কিন্তু চলতি বছর বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন মাসে। অভ্যন্তরীণ সংগ্রহ ১২ লাখ টন থেকে কমিয়ে ছয় লাখ টন করা হয়েছে। ফলে ধানের দাম খুব একটা বাড়েনি। বিএডিসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৩ হাজার ৭০০ টন বীজ বিক্রি হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ২০ হাজার টনের বিপরীতে একই সময়ে ১৩ হাজার ৩০০ টন বীজ বিক্রি হয়। বেসরকারি কোম্পানিগুলো এ পর্যন্ত দেড় হাজার টন বীজ বিক্রি করতে পেরেছে। তাদের লক্ষ্য দুই হাজার টন। আমন ও বোরোতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আমনের আবাদি জমির লক্ষ্যমাত্রা ৫২ লাখ হেক্টর থেকে বাড়িয়ে ৫৬ লাখ ৩০ হাজার হেক্টর নির্ধারণ করা হয়েছে। কিন্তু বীজ বিক্রি কম হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।