বীজআলু কিনে বিপাকে কৃষক ক্ষতিপূরণ পাওয়ার দাবি
ঠাকুরগাঁওয়ের সদর ও পীরগঞ্জ উপজেলায় কেমিস্ট এগ্রোবায়োটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বীজআলু বপন করে বিপাকে পড়েছেন অর্ধশতাধিক কৃষক। এই বীজ থেকে হওয়া গাছগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ায় ফলন পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তাঁরা।
গত মঙ্গলবার দুপুরে কৃষকেরা ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কে কেমিস্ট এগ্রোবায়োটেক লিমিটেডের কাছে ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন।
ভুক্তভোগী কৃষকেরা জানান, সদর উপজেলার জামালপুর, মোহাম্মদপুর, নারগুন ও পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক চলতি মৌসুমে কেমিস্ট এগ্রোবায়োটেক লিমিটেডের কাছ থেকে প্রতি কেজি ৩৮ টাকা দরে বীজআলু কেনেন। প্রতিষ্ঠানটির ঠাকুরগাঁও অঞ্চলের বিপণন কর্মকর্তা মো. মমিন সরাসরি তাঁদের কাছে বীজআলু পৌঁছে দেন। বীজআলু থেকে চারা গজানোর পর কৃষকেরা দেখতে পান, জায়গায় জায়গায় আলু গাছগুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে তা গোটা জমিতে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে তাঁরা স্থানীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ভাইরাসজনিত কারণে বীজ থেকে রোগ ছড়াচ্ছে।
সদর উপজেলার মহেশালী গ্রামের ভুক্তভোগী কৃষক লক্ষ্মী রানী জানান, তিনি কেমিস্ট এগ্রোবায়োটেক লিমিটেডের বীজআলু কিনে দুই একর জমিতে বপন করেন। এখন গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে আর গাছ সঠিকভাবে বাড়ছে না।
পীরগঞ্জ উপজেলার আরাজী উজ্জ্বলকোঠা গ্রামের আলুচাষি রাধা মোহন বলেন, ‘এই বছর সাড়ে চার একর জমিতে আলু লাগিয়েছি। এ জন্য ৭৬ বস্তা বীজআলু এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা দিয়ে (প্রতিবস্তা এক হাজার ৫৩০ টাকা করে) মমিনের কাছ থেকে কিনতে হয়েছে। এখন আলুগাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গাছও বাড়ছে না।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ভুপেশ কমার মণ্ডল বলেন, ‘বীজবাহিত রোগের (ভাইরাস) কারণে আলুগাছের পাতা এমন হয়েছে। অনুকূল পরিবেশ পেলে তা খুব দ্রুত গোটা জমিতে ছড়িয়ে যায়। ভাইরাসে আক্রান্ত জমিতে আলুর ফলন পাওয়া যায় না।’
কেমিস্ট এগ্রোবায়োটেক লিমিটেডের ঠাকুরগাঁও অঞ্চলের দায়িত্বে থাকা বিপণন কর্মকর্তা মো. মমিন জানান, তাঁদের প্রতিষ্ঠান চলতি মৌসুমে ঠাকুরগাঁও এলাকায় কৃষকদের কাছে ১২ থেকে ১৩ টন বীজআলু বাজারজাত করেছেন। এবার যেসব কৃষক তাঁদের কোম্পানির আলুবীজ জমিতে লাগিয়েছেন, তাঁরা অনেকেই অভিযোগ করেছেন। বিষয়টি তিনি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।