টানা ১৩ দিনের বৃষ্টিতে বাগেরহাট জেলায় চিংড়ির ঘের ভেসে গেছে। সবজি, পান, আমন ও আউশ ধানের বীজতলার ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ ২ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলায় ৪৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল গফুর জানান, প্রাথমিক হিসাবে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, ফকিরহাট, মোল্যাহাট, চিতলমারী ও শরণখোলা উপজেলায় আমন ও আউশ ধানের প্রায় তিন হাজার হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। সদর, ফকিরহাট, মোল্যাহাট ও চিতলমারী উপজেলায় ৫৫০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি ও পান পানির নিচে। মেঘ কেটে রোদ উঠলেই এসব বীজতলার চারা, পান ও সবজির গাছ মরে যাবে।জেলা ম ৎ স্য কর্মকর্তা বজলুর রশিদ জানান, জেলায় মাছের ঘেরের ক্ষতিবিষয়ক কোনো তথ্য তাঁর কাছে নেই। এসব তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় জনবলও তাঁর নেই।সদর উপজেলা ম ৎ স্য কর্মকর্তা নারায়ণ মণ্ডলও দাবি করেছেন, উপজেলায় কোনো মাছের ঘের ডোবেনি। তবে রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম আছনু জানান, তাঁর ইউনিয়নের হুলো, জুগিদার বিল ও তের আইড়ের বিল ডুবে পাঁচ শতাধিক চিংড়ির ঘের ও ঘেরের পারের সবজি বিনষ্ট হয়েছে।ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান জানান, তাঁর ইউনিয়নের পাঁচ শতাধিক পুকুর এবং শশিখালী, বাদোখালী ও মীরেরডাঙ্গা গ্রামসংলগ্ন বিল পানির নিচে ডুবে প্রায় ২০০টি ঘেরের মাছ ভেসে গেছে।রামপাল উপজেলা জ্যেষ্ঠ ম ৎ স্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সেখানে এক হাজার সাত শতাধিক চিংড়ির ঘের ভেসে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।