বীজের কমিশনের উৎস আয়কর প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএডিসির বীজ বিক্রয়ের কমিশনের ওপর আরোপিত উৎস আয়কর প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন বীজের ডিলাররা। গতকাল রোববার দুপুরে জেলা বিএডিসি কার্যালয়ের সামনে জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বীজ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি শুকুর আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খান, বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি হারুনার রশিদ, কোষাধ্যক্ষ আবদুল আজিজ, প্রচার সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ। এরপর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ের সামনে দুটি সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে বিএডিসি বীজ বিপণন ঢাকা অঞ্চলের উপপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
আবু বকর সিদ্দিক খান বলেন, উৎস আয়কর আদায় অব্যাহত থাকলে এবং ডিলারদের কমিশন না বাড়ালে কৃষকদের উচ্চমূল্যে বীজ কিনতে হবে। ফলে দরিদ্র কৃষকেরা ফসল উৎপাদনের ক্ষেত্রে বাড়তি খরচ করতে বাধ্য হবেন এবং ভালো বীজ কেনায় আগ্রহ হারাবেন। এতে ফলনে ঘাটতি দেখা দিতে পারে।