বীথির বাবার লিখিত অভিযোগ দুদিনেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বিচারিক হাকিমের বাড়িতে আটকে রেখে শিশু বীথিকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তার বাবা। তবে এরপর দুই দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
এদিকে, বীথির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাগেরহাটে নারী ও শিশুদের একটি সরকারি আশ্রমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত গত বুধবার এ নির্দেশ দেন।
শিশু গৃহকর্মী বীথিকে গত ১৯ আগস্ট সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলামের জেলা শহরের পলাশপোল এলাকার ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। বীথির বাবা মাগুরার শালিখা উপজেলার বড় আমিয়ান গ্রামের গোলাম রসুল বিশ্বাস গত মঙ্গলবার রাতে নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাতাশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরার বিচারিক হাকিম আদালতের কর্মচারী ও বড় আমিয়ান গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন ওরফে সাগর এক বছর দুই মাস আগে বীথিকে বাড়ি থেকে নিয়ে আসেন। প্রতিশ্রুতি দেন ভালো কাজের পাশাপাশি বীথির লেখাপড়ার বন্দোবস্ত করারও। পরে বীথিকে বিচারিক হাকিম নূরুল ইসলামের বাড়িতে গৃহকর্মী হিসেবে রাখেন সোহরাব।
এজাহারে গোলাম রসুল আরও বলেছেন, গত ১৯ আগস্ট সন্ধ্যা সাতটায় তিনি জানতে পারেন, বীথি শারীরিক নির্যাতনের শিকার হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পরের দিন ভোরে সেখানে গিয়ে তিনি বীথির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও কঙ্কালসার অবস্থা দেখতে পান।
জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাসেম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে ছুটিতে আছেন। তিনি না ফিরে এলে বীথির বাবার এজাহারটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
আশ্রমে নেওয়ার নির্দেশ: সাতক্ষীরা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরহাদ জামিল বলেন, বর্তমানে বীথি অনেকটাই সুস্থ। তাই বুধবার পুলিশ বীথিকে আদালতে নিয়ে যায়। বিকেলে তাকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়। তবে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাগেরহাটের দশানি পচাদীঘির পাড়ের নারী ও শিশু উদ্ধার আশ্রমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।