বীভৎসতা তাড়া করছে টিপুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার রাতের বীভৎসতার কথা কিছুতেই ভুলতে পারছেন না চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরের টিপু সুলতান। চোখের সামনেই দেখেছেন তীক্ষ্ণ ফলার আঘাতে মায়ের রক্তাক্ত শরীর। দেখেছেন বাবার ক্ষতবিক্ষত শরীর নিয়ে দুর্বৃত্তের উল্লাস। এসব দৃশ্য সারাক্ষণ তাড়া করে ফিরছে তাঁকে।
গঙ্গাদাসপুরে বসবাসকারী অনেকেই টিপু সুলতানের মতো আতঙ্কিত। গত সোমবার রাতে দুর্বৃত্তরা গঙ্গাদাসপুর পূর্বপাড়ায় পরিকল্পিত হামলা চালায়। তাদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৬০) নামের একজন নিহত হন। আর আহত হন টিপু সুলতানের বাবা শাহাবুদ্দীন (৭০), মা মালেকা বেগম (৫৮) ও আবদুল মোমিন (৩০) নামের আরেকজন। তাঁদের মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় শাহাবুদ্দীনের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খবর আসে যে মালেকা বেগমও মারা গেছেন। বিকেলে পরিবারের সদস্যরা জানান, মালেকা বেগম জীবিত আছেন। তবে অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন রেজাউল হক গোলদার ওরফে সনু গোলদার, আয়ুব আলী ও বদর উদ্দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামটিতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন ও র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপপরিচালক মেজর সুরুজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল দুপুরে দেখা যায়, গঙ্গাদাসপুর গ্রামে শোকাবহ পরিবেশ। সেখানে পুলিশের পাশাপাশি চলছে র্যাবের টহল। বোমা হামলার স্থানে উৎসুক মানুষের ভিড়। পাশের একাধিক জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। দেয়াল, রাস্তা ও একটি দোকানের ভেতরে বোমা হামলার চিহ্ন রয়েছে।
নিহত শাহাবুদ্দীনের চতুর্থ ছেলে রিপন হোসেন বলেন, সোমবার রাতে এশার আজানের ১০-১৫ মিনিট আগে বাড়ির কিছুটা দূরে রাস্তার একটি মাচায় বসে চা খাচ্ছিলেন তাঁর বাবা (শাহাবুদ্দীন)। ওই সময় গ্রামের সোহেল আহমেদ খবর দেন যে ৩০-৪০ জন সন্ত্রাসী গ্রামে মহড়া দিচ্ছে। এর পরপরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক মোল্লার ছেলে মিল্টনের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে এখানে আসে। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি বোমা ফাটিয়ে শুরু হয় নারকীয় তাণ্ডব।
শাহাবুদ্দীনের তৃতীয় ছেলে টিপু সুলতান বলেন, ‘গ্রামের আজির বক্সের ছেলে কাওছার আমার বাবার শরীর থেকে একটি পা বিছিন্ন করে উল্লাস প্রকাশ করে। যাওয়ার সময় বলতে থাকে, শাহাবুদ্দীনের হিসেব শেষ করে দিয়েছি।’
হামলার বিষয়ে জানতে চাইলে গ্রামবাসীর অনেকেই ভয়ে কথা বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আওয়ামী লীগের নেতা আবদুল মালেক মোল্লার ছেলে মিল্টনের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাক্কা, আসাদুল, বাদল, আনার, মনির, ঘরজামাই আয়নাল ও বহিরাগত একদল সন্ত্রাসী ওই হামলা চালায়।
এ বিষয়ে জানতে আবদুল মালেক মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গতকাল সন্ধ্যায় বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে। দুজনের লাশ ময়নাতদন্ত শেষে গ্রামে দাফন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।