বীর উত্তমের পরিবার পেল জমি ও বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের প্রয়াত মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর উত্তমের পরিবারকে জনতা ব্যাংকের পক্ষ থেকে জমি ও বাড়ি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহরের বঙ্গবন্ধু কলোনিসংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে মতিউরের স্ত্রী আমেনা বেগমের হাতে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করেন ব্যাংকের রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. মোহসীন।জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতের উদ্যোগে পাঁচ লাখ টাকা ব্যয়ে পাঁচ শতক জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আলম প্রমুখ।অনুষ্ঠানে লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম প্রয়াত মতিউর রহমানের পরিবারের জন্য নির্মিত বাড়ির সামনের সড়কটির নাম বীর উত্তম মতিউর রহমান সড়ক এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য ২০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। জনতা ব্যাংকের জিএম মো. মোহসীন বলেন, সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁরা এ কাজটি করেছেন।জমির দলিল ও বাড়ি বুঝে পেয়ে আবেগাপ্লুত আমেনা বেগম বলেন, অনেক দুঃখকষ্ট ও হতাশা নিয়ে তাঁর স্বামী ১৯৯৬ সালের ১৮ ডিসেম্বর লামনিরহাট শহরে মৃত্যুবরণ করেন। লালমনিরহাট শহরের কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার স্বামী বেঁচে থাকলে মুক্তিযুদ্ধে তাঁর অবদানের এই স্বীকৃতি দেখতে পেলে অনেক খুশি হতেন।’মতিউর রহমান একজন আত্মঘাতী নৌ-কমান্ডো হিসেবে মুর্শিদাবাদের পলাশী নৌ-কমান্ডো ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ পরবর্তী সময়ে তাঁকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়। কিন্তু মৃত্যুর আগে তিনি তা জেনে যেতে পারেননি। ১৯৯৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা আবদুল হান্নান বিষয়টি মতিউর রহমানের পরিবারের সদস্যদের জানান। বীর উত্তম মতিউর রহমানের স্ত্রী ও পরিবারের সদস্যরা লালমনিরহাট জেলা শহরের সাহেব পাড়া রেলওয়ে হাসপাতালের সামনে জিআরপি ওসির বাংলোর বিপরীতে রেল বিভাগের পরিত্যক্ত জমিতে টিনের ছাপড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পরিবারের অসহায় অবস্থার কথা জানিয়ে ২০১০ সালে তাঁর স্ত্রী আমেনা বেগম জনতা ব্যাংকের চেয়ারম্যান বরাবর সহযোগিতার আবেদন করেন। ব্যাংক কর্তৃপক্ষ ২০১০ সালের ২৭ অক্টোবর আমেনা বেগমের নামে পাঁচ লাখ টাকা অনুদান দেয়। ওই টাকা দিয়ে জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়।