বীর প্রতীক তারামন বিবি অসুস্থ
বীর প্রতীক তারামন বিবি (৬২) অসুস্থ হয়ে পড়েছেন। শীতের শুরুতে পুরোনো শ্বাসকষ্ট, কাশি, কোমর ও পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তিনি এখন শয্যাশায়ী। বেশ কিছুদিন ধরে চলাফেরা করতে পারছেন না। অসুস্থ অবস্থায় বর্তমানে তিনি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামে নিজ বাড়িতে আছেন।
গতকাল শুক্রবার তারামন বিবি প্রথম আলোকে বলেন, গত ২৭ নভেম্বর চিকিৎসার জন্য তিনি রংপুরের সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যান। সেখানে চিকিৎসক কর্নেল দেলোয়ার হোসেন তাঁকে দেখে ব্যবস্থাপত্র লিখে দেন।
তিনি বলেন, ‘শ্বাস নিতে কষ্ট হয়। যখন কাশি ওঠে মনে হয় আমি দুনিয়াতে নাই। প্রচণ্ড মাথাব্যথা হয়। কোমর থাইকা পিঠ পর্যন্ত ব্যথা। চলতে-ফিরতে পারি না। মনে হয় মইরা যাই। শীত যত বাড়বে। শরীর আরও খারাপ হবে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ—আমি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাই।’ তারামন বিবির জন্ম কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর চরে। তিনি ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
তারামন বিবি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক যুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন। অনেকবার তাঁদের ক্যাম্পে হানাদার বাহিনী আক্রমণ করেছে, তবে ভাগ্যের জোরে তিনি বেঁচে যান। ১৯৭৩ সালে সরকার তারামন বিবিকে মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করে।
কুড়িগ্রামের সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, তারামন বিবি ৩০ নভেম্বর কুড়িগ্রামে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর রাজীবপুর চলে যান। এখন তিনি শয্যাশায়ী।