বীর প্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর প্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ। গতকাল শনিবার সকালে তাঁকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আমিনুল ইসলাম তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। পরে তারামন বিবি উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়ি চলে যান। চিকিৎসক আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় তারামন বিবির শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। তাঁর ফুসফুসের অবস্থা নাজুক। শ্বাসকষ্ট, কাশি ও শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছেন তিনি। তারামন বিবি জানান, আর্থিক সংকটের কারণে তিনি প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। ভালো খাবার ও পথ্য জুটছে না তাঁর। তিনি অভিযোগ করেন, চিকিৎসার সহায়তা চেয়ে দেড় মাস আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করলেও কোনো সাড়া পাননি।উপজেলার শঙ্কমাধবপুর গ্রামের কিশোরী তারামন বিবি একাত্তরে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেন। এর স্বীকৃতি হিসেবে বীর প্রতীক খেতাব জোটে তাঁর। তিনি বলেন, ‘একাত্তরে জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছি, কখনো মৃত্যুর ভয় আমাকে টলাতে পারেনি। এখন নানা অসুখ আমাকে কাবু করে ফেলেছে। আমি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই।’