বীর বাহাদুরকে পাহাড় না কাটতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুরকে কোনো অবস্থায় পাহাড় না কাটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজ রোডের ফরেস্টার অফিস এলাকায় তাঁর নির্মাণ পরিকল্পনাধীন প্রতিরক্ষা দেয়ালের ভেতরে যদি পাহাড় কাটা হয়ে থাকে, তাহলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম এ নির্দেশ দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, সাংসদের প্রতিনিধি হিসেবে গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান পরিবেশ অধিদপ্তরে হাজির হয়েছিলেন। তাঁর কাছে পাহাড় কাটার কারণ জানতে চাওয়া হয়। এতে কাজী মজিবর বলেন, তাঁরা কোনো পাহাড় কাটেননি। সাংসদ তাঁর জায়গার ওপর প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য পৌরসভা থেকে অনুমোদন নিয়েছেন। দেয়াল নির্মাণের সুবিধার্থে প্রবল বৃষ্টিতে পাহাড় থেকে সরে আসা মাটি সরিয়ে নিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, কাজী মজিবরকে তাঁরা বলেছেন, তাঁরা (অধিদপ্তর) তদন্তে দেখেছেন বিপজ্জনকভাবে পাহাড় কাটা হয়েছে। পাশে আবদুর রহমান চৌধুরী নামের একজনের বাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। কাজী মজিবর তখন সামান্য পাহাড় কাটা হয়েছে বলে স্বীকার করেছেন। বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজা প্রতিরক্ষা দেয়াল নির্মাণে অনুমোদন দেওয়ার কথা স্বীকার করে বলেছেন, দেয়াল নির্মাণের সঙ্গে পাহাড় কাটার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া পৌরসভা পাহাড় কাটার অনুমতি দিতে পারে না। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বান্দরবানে সাংসদ বীর বাহাদুরের পাহাড় কাটার ব্যাপারে তাদের একটি তদন্ত দল গত বৃহস্পতিবার তদন্তে যায়। তদন্তে দলের সদস্যরা বিপজ্জনকভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাটা বন্ধ করে দেন। তাঁরা গতকাল সকাল ১০টায় চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য সাংসদের প্রতিনিধিকে নোটিশ দেন।