বীর বিক্রম উক্যচিং মারমা আর নেই
তিন পার্বত্য জেলায় (বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি) আদিবাসী মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উক্যচিং (ইউকেচিং) মারমা আর নেই।
আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বান্দরবান জেলার লাঙ্গিপাড়ার বাড়িতে গত মঙ্গলবার ৭৭ বছরের প্রবীণ এই মুক্তিযোদ্ধা মস্তিষ্কের স্ট্রোকে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোক করার পর থেকে সংজ্ঞাহীন ইউকেচিং মারমার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। আজ ভোর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর হূদস্পন্দন দ্রুত কমতে থাকে। চিকিত্সকেরা পরীক্ষা-নিরীক্ষা করার পর সোয়া ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রের দাবি, তিনি বেশ কয়েক দিন ধরে বহুমূত্রসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এমনকি তিনি বসতভিটা থেকে উচ্ছেদ আতঙ্কে ছিলেন।
বান্দরবান জেলা শহরের লাঙ্গিপাড়ার বাসিন্দা ইউকেচিং বীর বিক্রম ১৯৭১ সালে তত্কালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) বিরুদ্ধে বিদ্রোহ করে রংপুর ও দিনাজপুর এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বেশ কয়েকটি অভিযানে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এ জন্য তাঁকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়।
কর্মক্ষেত্র থেকে পাওয়া তথ্যমতে, ইউকেচিংয়ের জন্ম ১৯৩৭ সালে। মৃত্যুর আগে তিনি অবশ্য প্রথম আলোকে বলেছিলেন, তাঁর প্রকৃত জন্ম সাল ১৯৩২। ১৯৫২ সালে তিনি ইপিআরে যোগ দেন এবং ১৯৮২ সালে অবসর গ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউকেচিংয়ের ছেলে বাবলু মারমা বলেছেন, তাঁর বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে পরিবারের সদস্য ও স্বজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।