বীর বিক্রমের ছেলের দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। যুদ্ধ করতে গিয়ে জীবনও বিলিয়ে দিয়েছেন। আজ তাঁরই সন্তান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ডিম বিক্রি করে সংসার চালান। নাতি বিক্রি করেন চানাচুর। দারিদ্র্যের কারণে ছেলের লেখাপড়া হয়নি। নাতির লেখাপড়াও বন্ধ।এই বীর মুক্তিযোদ্ধার নাম রমিজ উদ্দিন। তাঁর বাড়ি শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর গ্রামে। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তিনি পেয়েছেন বীর বিক্রম খেতাব। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর-৮৮। আজ এই শহীদের একমাত্র সন্তান বজলু মিয়া (৪০) ও তাঁর নাতিরাই দারিদ্র্যের কারণে মানবেতর জীবন যাপন করছে।বজলু মিয়া জানান, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কোনো সহায়তা পাননি। মুক্তিযোদ্ধা সংসদও তাঁর খোঁজ নেয়নি। তাঁর সংসারে স্ত্রী শাহানা ও তিন সন্তান রয়েছে। এরা হলো: ছেলে রাজু (১৩) ও ফাহিম ৩) এবং মেয়ে জোনাকী (১১)। অভাবের কারণে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে তাঁর বড় সন্তান রাজু। বজলু মিয়ার এই অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে চেতনায় ’৭১ (হবিগঞ্জ)। ১০ ডিসেম্বর সুধীর চন্দ্র দেব ফাউন্ডেশন সিলেট ওই সংগঠনটিকে মেজর জেনারেল এম এ রব (বীর উত্তম) মরণোত্তর সম্মাননা পদক ও ১০ হাজার টাকা দেয়। সংগঠনটি এ টাকা শহীদ রমিজ উদ্দিনের ছেলে বজলু মিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রমিজ উদ্দিন স্ত্রী জবেদা খাতুনকে বাড়িতে রেখে যুদ্ধে যান। যুদ্ধচলাকালীন বজলু মিয়া জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৬ মে সম্মুখযুদ্ধে প্রাণ হারান তিনি। দেড় বছরের মাথায় জবেদা খাতুনও মারা যান। পরে বজলুকে লালনপালন করেন দাদি হাজেরা খাতুন। দাদি মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িতে কাজ করে অনেক কষ্টে বড় হন বজলু মিয়া। সরেজমিনে জগন্নাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, বজলু মিয়া চাচা জামাল উদ্দিনের দুই শতক জায়গায় একটি একচালা টিনের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছেন। চেতনায় ’৭১ হবিগঞ্জের সদস্যসচিব কেয়া চৌধুরী বলেন, চেতনায় ’৭১-এর পক্ষ থেকে বজলু মিয়াকে ১০ হাজার টাকা দেওয়া হবে। ওই টাকার সঙ্গে তাঁর পরিবারকে একটি গাভি অথবা একটি ভ্যান কিনে দেওয়ার লক্ষ্যে তাঁদের সংগঠন টাকা সংগ্রহের কাজ শুরু করেছে।