বীর মুক্তিযোদ্ধার মৃত্যু চিকিৎসা না পাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। পরাজিত করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীকে। কিন্তু দীর্ঘদিন সুচিকিৎসা না পেয়ে অবশেষে নিজেই নিজের কাছে হার মানলেন।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা দেড় বছর রোগভোগের পর গত বুধবার মারা গেছেন। তিনি হাবিলদার আবদুস সালাম বীর বিক্রম (৮০)।আবদুস সালামের পরিবারের অভিযোগ, দীর্ঘ অসুস্থতাকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেননি। তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগমূহূর্তে তাঁর নামে রাস্তার নামকরণের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।জানা যায়, আবদুস সালাম নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামে নিজ বাড়িতে মারা যাওয়ার সময় রেখে গেছেন স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী। গতকাল বাদ জোহর আলীয়াবাদ মসজিদসংলগ্ন মাঠে জানাজা হয় তাঁর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ।স্ত্রী খোদেজা বেগম (৬৫) অভিযোগ করেন, ‘দ্যাশের জন্য যুদ্ধ করতে গিয়া পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে আমার স্বামীর তলপেট ছিন্নভিন্ন হইয়া গেছিল। দ্যাশ স্বাধীনের পর সরকার তারে ‘বীর বিক্রম’ খেতাব দিছে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মাসে দুই হাজার টাকা ভাতা ছাড়া আমার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্বামী কিংবা আমাদের আর সুযোগ-সুবিধা দেয় নাই।’ তিনি আরও বলেন, ‘টাকার অভাবে স্বামীর সুচিকিৎসা করাতে পারিনি। বাড়ির বিদ্যুৎ বিলের অনেক টাকা জমে গেছে। বিদ্যুৎ অফিসের লোকেরা বারবার এসে বিল পরিশোধের জন্য তাগাদা দিচ্ছেন। যেকোনো সময় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়ে গেছেন।’আবদুস সালামের দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া বলেন, ‘দু-তিন বছর আগেও একবার বাবারে নিয়া উপজেলা প্রশাসন সংবর্ধনা দিয়া কইছিল, তাঁর নামে এলাকায় রাস্তা হইব, কিন্তু আজও এর বাস্তবায়ন হয় নাই। মৃত্যুর পর আবার প্রশাসন থেকে রাস্তা হওয়ার ঘোষণা দিল। ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংবর্ধনায় আমার মায়েরে প্রশাসন ডাইক্যা নিল। পরে একটা খামে ২০০ টাকা দিল। আর ঘোষণা দিল একটা ক্রেস্ট দেওয়ার। কিন্তু সেই ক্রেস্টটা বাবা মৃত্যুর আগে দেইখ্যা যাইতে পারলেন না। আজও ক্রেস্টটা আমরা পাই নাই।’উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার বলেন, ‘প্রতিবছর আমরা তাঁকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এ বছরও মুক্তিযোদ্ধা সংবর্ধনায় বীর বিক্রমদের ক্রেস্ট দেওয়া হয়েছে।’ চলতি বছরের ১২ এপ্রিল প্রথম আলোর ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ কলামে আবদুস সালাম বীর বিক্রমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।