বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবময় দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনা হূদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করছে জাতি।
একই সঙ্গে ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের।
ভোরের আলো ফোটার মুহূর্তে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪৪তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। ভোর পাঁচটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এরপর বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল সাতটা ৫০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার সময় এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব।’
এ ছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক ও পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। সকাল থেকে সেখানে মানুষের ঢল নামলেও অন্যবারের তুলনায় কিছুটা কম।
বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর পশ্চিম পাকিস্তানি শাসকেরা বাঙালির ওপর শোষণ এবং ভাষা ও সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে স্বাধিকারের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাঙালিরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে ঢাকায় বাঙালি হত্যাযজ্ঞে মেতে ওঠে। গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবন থেকে গ্রেপ্তার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর আগেই তিনি স্বাধীনতা ঘোষণা করে একটি বার্তা পাঠিয়েছিলেন। ইপিআরের (বর্তমানে বিজিবি) ওয়্যারলেস থেকে তাঁর এই ঘোষণা প্রচারিত হয়েছিল। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতারা মাইকে এটি প্রচার করেন। পরে চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর এ ঘোষণা তাঁর পক্ষে বেতারে পাঠ করলে দেশবাসী স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি জানতে পারে।
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বীর বাঙালি মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, তিন লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। বাঙালি লাভ করে চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
বরাবরের মতো এবারও দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হবে। আজ সরকারি ছুটি।