বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে ধলঘাটে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম নারী-শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৮তম আত্মাহুতি দিবস বিভিন্ন সংগঠন পালন করেছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রাম ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তিতে বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।সনাক-টিআইবি, প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া গৌরব সংসদ, প্রথম আলো বন্ধুসভা, পূর্ণেন্দু-অর্ধেন্দু-সুখেন্দু প্রীতিলতা স্মৃতিসংসদ ও বাসদ দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছালামতউল্লাহ, ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, অজিত মিত্র, পুলক দাশ, স ম ইউনুচ, অভিজিৎ বড়ুয়া, এস এম এ কে জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক, ভগীরথ দাশ, প্রবোধ রায় চন্দন, পংকজ পালিত, অরুণ বিকাশ চৌধুরী, কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে বীরাঙ্গনা প্রীতিলতা সামরিক পোশাকে আরও কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। অনেক ইংরেজকে হতাহত করে সফল অভিযানের পর কালবিলম্ব না করে প্রত্যাবর্তনকালে হঠাৎ একটি গুলি এসে বিঁধে তাঁর বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে তাঁর জন্ম।