বীরগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর গ্রেপ্তার
অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে গত সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঘোড়াবন্দ গ্রাম থেকে নিহতের স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত শিউলীর (২০) বড় ভাই সামিউল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁদের বাড়ি কাহারোল উপজেলার পহরিয়া গ্রামে। মাত্র সাত মাস আগে ছোটবোন শিউলীর বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার ঘোড়াবন্দ গ্রামের মো. রাসেলের সঙ্গে। রাসেল ব্যবসা করেন। বিয়ের পর থেকে শিউলীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।রাসেল ও তাঁর বাবা সাইফুল জানান, শিউলী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অথচ তাঁর গলায় কোনো দাগ ছিল না। তাত্ক্ষণিকভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শিউলীর স্বামী রাসেল ও তাঁর বাবা সাইফুলকে আটক করে।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।