বীরগঞ্জে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার দুপুরে বীরগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা নেওয়ার অভিযোগে তারা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী বাণিজ্য বিভাগের এক শিক্ষার্থী জানায়, গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থ, বাণিজ্য বিভাগের ব্যবস্থাপনা এবং মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ওই কেন্দ্রে ৬০০ পরীক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় খাতা দিলেও পাঁচ মিনিট পর প্রশ্নপত্র দেওয়া হয়। বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ১২টা ৫০ মিনিটে কক্ষ পরিদর্শকেরা খাতা নিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় কেন্দ্রের ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা প্রথমে এর প্রতিবাদ জানায়। পরে সবগুলো কক্ষেই এর প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে পরীক্ষার্থীরা কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর ছাড়াও শিক্ষকদের চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় কলেজ অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম পরীক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন।