বীরগঞ্জে পুলিশের মদদে ডাকাতি অভিযোগ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কদমতলী নামক স্থানে গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে চারটি মাইক্রোবাস, দুটি ট্রাকসহ কমপক্ষে ১০ জন মোটরসাইকেলচালকের সর্বস্ব লুটে নেয়। ডাকাতদের কবলে পড়া বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে পুলিশ ওই অভিযোগ অস্বীকার করেছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ জাকারিয়া জানান, ওই সময় তিনি তাঁর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মদনপুর গ্রাম থেকে বীরগঞ্জ সদরে আসছিলেন। তখন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি করিমুল হক চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা ঈশ্বর চন্দ্র রায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহিরুল হক, বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মো. কামরুজ্জামানসহ কমপক্ষে ১০ জন নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।রফিকুল ইসলাম জানান, ডাকাতেরা আগ্নেয়াস্ত্র, চাপাতি, চায়নিজ কুড়াল, ছোরাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। ডাকাতেরা লক্ষাধিক টাকা, দুটি সোনার চেন ও ১৫টি মুঠোফোন কেড়ে নেয়।আওয়ামী লীগের নেতা ঈশ্বর চন্দ্র রায় বলেন, ওই সময় তিনি ডাকাতদের চোখ ফাঁকি দিয়ে কয়েক শ গজ দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে এলে ডাকাতেরা তাদের সামনে দিয়েই চলে যায়। উপজেলা আওয়ামী লীগের নেতারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চোখের সামনেই ডাকাতেরা বীরদর্পে চলে গেলেও পুলিশ ডাকাতদের আটকের চেষ্টা করেনি। এ থেকেই বোঝা যায়, পুলিশের মদদেই রাস্তায় ডাকাতির ঘটনাটি ঘটেছে।জানতে চাইলে বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুজালপুর গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ। ডাকাতির সঙ্গে পুলিশের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ওসি।