বীরগঞ্জে প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকা ছেড়ে ঝাড়বাড়ী সড়ক দিয়ে এক কিলোমিটার গেলেই উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার। সেখানে বড় শামিয়ানা খাটিয়ে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বসে জমজমাট জুয়ার আসর।স্থানীয় সাংসদ, পুলিশ, সাংবাদিক ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের দৈনিক বখড়া দিয়ে এই জুয়ার আসর পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই জুয়ার আড্ডার প্রধান উদ্যোক্তা ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক। দৈনিক ১০ হাজার টাকার বিনিময়ে এলাকার সাংসদের সমর্থন নিয়ে প্রেমবাজারে তিনি এই জুয়ার আসর বসান।জুয়াড়িদের লাইনম্যান তপন কুমার বলেন, নির্বিঘ্নে জুয়ার বোর্ড চালাতে সবাইকে নিয়মিত টাকা দেওয়া হয়। সাংসদ, পুলিশ, ক্ষমতাসীন দলের নেতা, স্থানীয় মাস্তান, সাংবাদিকসহ অনেকেই দৈনিক হিসেবে নিয়মিত টাকা পান। ছয় মাস আগে তাঁরই হাত দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে টাকা পৌঁছে যেত। বর্তমানে সাগর নামের অপর এক ব্যক্তি এই দায়িত্ব পালন করছেন। তপন জানান, এখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার বোর্ড থেকে প্রতিদিন যাঁদের টাকা দেওয়া হয় তাঁদের নামের একটি তালিকা রয়েছে। তালিকা অনুযায়ী জুয়ার বোর্ড থেকে স্থানীয় সাংসদ পান ১০ হাজার টাকা, থানার পুলিশ পায় ২৫ হাজার, স্থানীয় পাঁচ থেকে সাতজন নেতা প্রত্যেকে পান এক হাজার টাকা করে, এ ছাড়া ছয়জন সাংবাদিক প্রত্যেকে পান ৫০০ টাকা করে। অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য আবদুর রাজ্জাক বলেন, তিনি জুয়ার আসর নিয়ন্ত্রণ করেন না। তবে দেখাশোনা করেন। এলাকার প্রভাবশালী, রাজনৈতিক নেতাসহ সবাই এর সঙ্গে রয়েছেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা মো. আবদুল হক বলেন, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের জুয়া খেলা হয়। জুয়ার টাকা জোগাড় করতে উপজেলায় রাহাজানি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা দিনাজপুরের অন্য উপজেলার তুলনায় অনেক বেশি। জুয়া খেলতে গিয়ে স্থানীয় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এলাকার তরুণ সমাজও বিপথগামী হয়ে পড়ছে বলে তিনি জানান । ৬ নম্বর নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবদুল খালেক সরকার বলেন, জুয়ার আসর সাংসদ বা স্থানীয় জনপ্রতিনিধিরা চালান না, তাঁরা কোনো ভাগও পান না। জনপ্রতিনিধিদের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভবও নয়। তিনি অভিযোগ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়ার আসর নিয়ন্ত্রণ করেন। অভািযোগ অস্বীকার করে বীরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম বলেন, জুয়ার ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে। অনেকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু পুলিশের আগমন টের পেয়ে মুঠোফোনের মাধ্যমে জুয়াড়িরা দ্রুত যোগাযোগ করে পালিয়ে যায় বলে আসর বন্ধ করা সম্ভব হয় না।দিনাজপুর পুলিশের বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, জুয়ার আড্ডায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। আসামি ধরে মামলা দেওয়া হয়েছে। এই আইনে অপরাধের শাস্তি মাত্র ২০০ টাকা জরিমানা। ওই জরিমানা দিয়ে জুয়াড়িরা পুনরায় জুয়া খেলা শুরু করে।জুয়ার আসর থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, সাত-আট মাস আগে তিনি নিজে পুলিশ নিয়ে জুয়ার আসনে অভিযান চালান। তখন জুয়াড়িরা আসর ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। ইউপি সদস্য রাজ্জাকই মূলত আসরটি চালান। তবে এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকতে পারেন বলে জানান তিনি।